সোনা মানেই উষ্ণতা আর সমৃদ্ধির প্রতীক—যা উৎসবের আবহে একেবারে পারফেক্ট। আর রুপোর ঠান্ডা, এলিগ্যান্ট ঝিলিক শীতের পোশাক ও হলিডে ফ্যাশনের সঙ্গে দারুণ মানিয়ে যায়।

নিউ ইয়ার্স ইভে সোনা-রুপোর স্টাইল।
শেষ আপডেট: 18 December 2025 20:53
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছর মানেই আলো, উষ্ণতা আর নিজেকে একটু আলাদা করে তুলে ধরার আনন্দ। ক্রিসমাস বা নিউ ইয়ার্স ইভের পার্টি হোক কিংবা ঘরোয়া সেলিব্রেশন—এই সময়ে স্টাইলের দুনিয়ায় এখনও নিরঙ্কুশ রাজত্ব করছে সোনা, রূপো আর হিরে। পোশাকের সঙ্গে মানানসই গয়নার ঝলকই হয়ে উঠছে লুকের আসল স্টেটমেন্ট।
এই প্রসঙ্গে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শুভঙ্কর সেন (Suvankar Sen, MD & CEO, Senco Gold & Diamonds) বলেন, “এই বছর সোনা ও রুপো শুধু অলংকার হিসেবে নয়, বিনিয়োগের দিক থেকেও ছিল সবচেয়ে ভাল পারফর্মিং অ্যাসেট। নিউ ইয়ার্স ইভ তথা বছর শেষের উৎসবেও সোনা-রুপোর জুয়েলারির ঝলক মিশে থাকবে বলে আমার মনে হয়। সেটা ট্রেন্ড, পাওয়ার আর স্টাইল—এই তিনটেকেই খুব ছিমছাম ভাবে তুলে ধরবে।”
শুভঙ্কর জানান, এ মুহূর্তে যে জুয়েলারিগুলোর সবচেয়ে বেশি চাহিদা রয়েছে, তার মধ্যে রয়েছে ‘লং ড্যাংলার ইয়ারিং’ (long dangler earrings)। পার্টি ড্রেস বা স্লিভলেস গাউনের সঙ্গে লম্বা ঝুলন্ত দুল মুখের গড়নকে আরও শার্প করে তোলে। পাশাপাশি সোনা ও রুপোর সঙ্গে ল্যাব গ্রোন ডায়মন্ডের (lab grown diamond) চাহিদাও এবার চোখে পড়ার মতো। পরিবেশবান্ধব ও আধুনিক এই ডায়মন্ড আজকের প্রজন্মের কাছে ফ্যাশনের পাশাপাশি সচেতনতার প্রতীকও।
নিউ ইয়ার্স ইভের ট্রেন্ডে রয়েছে চোকার চেন, স্ট্যাক ব্যাঙ্গল আর স্ট্যাক রিং। একাধিক ব্যাঙ্গল বা আংটি একসঙ্গে পরার এই স্টাইল পার্টি লুকে দেয় আধুনিক সাহসী ছোঁয়া। বড়সড় স্টেটমেন্ট রিং বা ব্রেসলেটও পার্টির জন্য ভীষণ জনপ্রিয়—যা একাই পুরো লুককে আলাদা করে দিতে পারে।

অন্যদিকে পি সি চন্দ্র জুয়েলারির জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর শুভ্র চন্দ্রের (Suvro Chandra, Joint MD PC Chandra Jewellers) মতে, সোনা আর রুপোর এই যুগলবন্দিই উৎসবের আসল মেজাজ তৈরি করে। তিনি বলেন, “সোনা মানেই উষ্ণতা আর সমৃদ্ধির প্রতীক—যা উৎসবের আবহে একেবারে পারফেক্ট। আর রুপোর ঠান্ডা, এলিগ্যান্ট ঝিলিক শীতের পোশাক ও হলিডে ফ্যাশনের সঙ্গে দারুণ মানিয়ে যায়। একসঙ্গে সোনা-রুপো বড়দিন ও নতুন বছরের উদযাপনের মুডকে সম্পূর্ণ করে।”

শুভ্রবাবু আরও বলেন,“ক্রিসমাস বা নিউ ইয়ার্স ইভের পার্টিতে ডায়মন্ডও ইন থিং। এই সময়ে মানুষ তো নানা রকমের শীত পোশাক পরেন। তার সাথে মানান সই ক্লিপস, টাই পিন, কলার পিন পরা যায়। এই সময়ের পোশাকের সঙ্গে ডায়মন্ড পেন্ডেন্টও খুব ভাল চলে—খুব ভাল ব্লেন্ড করে।”

নিউ ইয়ার্স ইভের স্টাইলিংয়ে গয়না বাছাইয়ের সময়ে পোশাকের কাট আর রঙ গুরুত্বপূর্ণ। কালো বা গাঢ় রঙের গাউন ও ককটেল ড্রেসের সঙ্গে সোনার চোকার বা স্টেটমেন্ট ইয়াররিং লুককে করে তোলে আরও গ্ল্যামারাস। সিলভার সিকুইন বা মেটালিক ড্রেসের সঙ্গে রুপোর লং ড্যাংলার কিংবা মিনিমাল ব্রেসলেট মানায় দারুণ।

শাড়ি বা লেহেঙ্গা পরলে সোনার সঙ্গে ল্যাব গ্রোন ডায়মন্ডের নেকলেস ও ম্যাচিং ইয়াররিং একদিকে যেমন ঐতিহ্যের ছোঁয়া রাখে, তেমনই আধুনিক স্টাইলও বজায় রাখে। আর যদি পার্টি লুক হয় ফিউশন বা ইন্দো-ওয়েস্টার্ন, তবে স্ট্যাক রিং ও ব্যাঙ্গলের সঙ্গে একটি বড় স্টেটমেন্ট রিং পুরো লুককে করে তুলতে পারে নজরকাড়া।

সব মিলিয়ে বলা যায়, নিউ ইয়ার্স ইভের ফ্যাশনে সোনা আর রুপো শুধু অলংকার নয়—এরা আত্মবিশ্বাস, উদযাপন আর নতুন শুরুর প্রতীক। ঠিক এই ঝিলিকেই বিদায় দিন পুরনো বছরকে, আর স্বাগত জানান নতুনকে।