ওই পাত্র থেকে সিসা-জনিত তীব্র বিষক্রিয়ার সম্ভাবনা বাড়ছে, বলে জানিয়েছে খাবারের গুণমান নিয়ন্ত্রণের ওই মার্কিন সংস্থা।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 22 August 2025 16:23
দ্য ওয়াল ব্যুরো: ভারতের এক বিশেষ কুকওয়্যার (রান্নার বাসন) ব্র্যান্ড নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)। ওই বাসন থেকে সিসা-জনিত তীব্র বিষক্রিয়ার সম্ভাবনা বাড়ছে, বলে জানিয়েছে খাবারের গুণমান নিয়ন্ত্রণের ওই মার্কিন সংস্থা।
ভারতে তৈরি এক বিশেষ কড়াই ব্যবহার নিয়ে ১৩ অগস্ট, ২০২৫-এ প্রকাশিত হয়েছে এই সতর্কতা। টাইগার হোয়াইট (Tiger White) ব্র্যান্ডের কড়াই, যা ভারতের Saraswati Strips Pvt. Ltd. কোম্পানির ‘খাঁটি অ্যালুমিনিয়ামের বাসন’ (Pure Aluminium Utensils) নামে তৈরি, তা থেকে রান্নার সময় খাবারে বিপজ্জনক মাত্রায় সিসা (Lead) মিশছে বলে জানিয়েছে মার্কিন ওই সংস্থা।
FDA জানিয়েছে, অ্যালুমিনিয়াম, পিতল এবং মিশ্র ধাতুর তৈরি এই কড়াই ব্যবহারের ফলে এতে রাখা খাবার মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
প্রতিষ্ঠানটির মতে, এই কড়াই বর্তমানে আমেরিকায় পাওয়া যাচ্ছে, যার মধ্যে জামাইকা, নিউ ইয়র্কের Mannan Supermarket একটি পরিচিত খুচরো বিক্রেতা। তবে বিতরণকারীর নাম নিশ্চিত করা যায়নি, ফলে পণ্যটি এখনও বাজারে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
FDA খুচরো বিক্রেতাদের এই কড়াই বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে এবং এই পাত্রে রান্না বা খাবার সংরক্ষণের কাজে ব্যবহার না করার পরামর্শ দিয়েছে।
কেন সিসা ঝুঁকিপূর্ণ?
সিসা একটি বিষাক্ত ধাতু, যার নিরাপদ মাত্রা বলে কিছু হয় না।
• শিশুদের ক্ষেত্রে: নতুন কিছু শেখার ক্ষমতা কমতে থাকে, কম বুদ্ধির বিকাশ (IQ), আচরণগত সমস্যা দেখা দেয়।
• প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে: মাথাব্যথা, ক্লান্তি, পেটব্যথা, বমি এবং স্নায়বিক সমস্যার কারণ। বিশেষত গর্ভবতী মহিলা ও স্তন্যদানকারী মায়েদের জন্য এটি অত্যন্ত ক্ষতিকর।
FDA-র পরামর্শ
• অবিলম্বে এই কড়াই ব্যবহার বন্ধ করুন এবং ফেলে দিন।
• রিসাইকেল করবেন না, যাতে পুনর্ব্যবহার না হয় তা নিশ্চিত করুন।
• প্রয়োজন মনে হলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন এবং রক্তে সিসার মাত্রা পরীক্ষা করুন।