রবীন্দ্র কৌশিকের জীবনে সিনেমার মতো গ্ল্যামার ছিল না, বরং তা ছিল অসীম সাহস, কষ্ট, আত্মত্যাগের এক বাস্তব কাহিনি। ভারতের গোয়েন্দা কর্মকর্তা হিসেবে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে গোপনভাবে প্রবেশ করেছিলেন।

'ব্ল্যাক টাইগার' রবীন্দ্র কৌশিক
শেষ আপডেট: 23 March 2026 10:12
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানে কাটানো এক ছায়াময় জীবন। রাতের আঁধারে সীমান্ত পেরোচ্ছেন একজন যুবক। তার পরিচয়- সে এক গোপন গুপ্তচর, যার প্রতিটি পদক্ষেপে ঝুঁকি, প্রতিটি শব্দে বিপদ লুকিয়ে আছে। কিন্তু লক্ষ্য কেবল একটি- দেশের জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়া।
'ধুরন্ধর'-এর (Dhurandhar) মতোই, এই কাহিনিতে রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা, রক্তক্ষয়ী মিশন। কিন্তু এটা বাস্তব, যার নায়ক ছিলেন রবীন্দ্র কৌশিক (Ravindra Kaushik), ভারতীয় গোয়েন্দারা তাঁকে ডাকতেন 'ব্ল্যাক টাইগার' (RAW's Black Tiger) নামে। পাকিস্তান সেনাবাহিনীতে নিখুঁতভাবে প্রবেশ, দেশে জরুরি গোয়েন্দা তথ্য পৌঁছে দেওয়া এবং দীর্ঘ কষ্টের জীবন- এটাই ছিল তার বাস্তবতা, সিনেমার গ্ল্যামারের বাইরে। বলিউডের নতুন স্পাই থ্রিলার 'ধুরন্ধর' (Dhurandhar) এবং তার সিক্যুয়েল যেন বাস্তব জীবনের এই কাহিনিই তুলে ধরে।
রবীন্দ্র কৌশিকের জীবনে সিনেমার মতো গ্ল্যামার ছিল না, বরং তা ছিল অসীম সাহস, কষ্ট, আত্মত্যাগের এক বাস্তব কাহিনি। ভারতের গোয়েন্দা কর্মকর্তা হিসেবে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে গোপনভাবে প্রবেশ করেছিলেন এবং বছরের পর বছর গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি কষ্টের জীবনযাপন শেষে চিরতরে অজানা এক কবরেই সমাহিত হন।
প্রারম্ভিক জীবন
রবীন্দ্র কৌশিকের জন্ম ১১ এপ্রিল ১৯৫২ সালে রাজস্থানের শ্রী গঙ্গানগরে। সীমান্ত শহরে বেড়ে ওঠায় তিনি ছোট থেকেই পাঞ্জাবি ও আঞ্চলিক ভাষায় পারদর্শী ছিলেন। কলেজে পড়াকালীন তিনি নাট্যকলা চর্চা করতেন, যা তাঁর ভবিষ্যতের গুপ্তচর জীবনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।
১৯৭৩ সালে লখনউয়ে জাতীয় নাট্য প্রতিযোগিতায় নিজের অভিনয়ে দিয়ে ভারতীয় সেনার ধৈর্য্য ও ভাষাগত দক্ষতা দেখান। এই পারদর্শিতা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (RAW)-এর নজরে আসে। এরপর দু'বছর দিল্লিতে তিনি গুপ্তচরের কঠোর প্রশিক্ষণ নেন- ইসলামি ধর্মতত্ত্ব, পাকিস্তানি উর্দু, ও পাকিস্তানের ভৌগোলিক জ্ঞান শিখে তিনি সম্পূর্ণরূপে 'নবি আহমেদ শাকির' হিসেবে রূপান্তরিত হন।
পাকিস্তান সেনাবাহিনীতে প্রবেশ
১৯৭৫ সালে ২৩ বছর বয়সে রবীন্দ্র কৌশিক (Ravindra Kaushik) সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করেন। সেখানে তিনি করাচি বিশ্ববিদ্যালয়ে আইন পড়েন এবং শেষ পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। অল্প সময়ের মধ্যেই মেজর পদ পেয়ে যান।
১৯৭৯-১৯৮৩ পর্যন্ত তিনি ভারতের কাছে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য পাঠাতেন। পাঞ্জাব অঞ্চলের সেনার গতিবিধি এবং কাহুটা পারমাণবিক ঘাঁটি তথ্য ভারতের কৌশলগত সুবিধা নিশ্চিত করেছিল। এই সময় তিনি পাকিস্তানি নারী আমানতকে বিয়ে করেন, তাঁদের সন্তানও ছিল, তবুও তাঁর নৈতিক কর্তব্য ভারতের প্রতি অটুট থাকে।
বিশ্বাসঘাতকতা ও গ্রেফতার
রবীন্দ্রর পতন ঘটে অন্য এক জুনিয়র গুপ্তচরের ভুলের কারণে। ১৯৮৩ সালে 'ইনায়াত মাসিহ' নামের একজন নিচু স্তরের গুপ্তচরকে তাঁর সঙ্গে যোগাযোগের জন্য পাঠানো হয়েছিল। কিন্তু পাকিস্তানি গোয়েন্দারা ইনায়াতকে ধরে ফেললে রবীন্দ্রকেও শনাক্ত করে।
১৯৮৩ সালের সেপ্টেম্বর মাসে কৌশিককে গ্রেফতার করা হয়। এরপর তিনি ১৫ বছরের বেশি সময় ধরে যন্ত্রণার জীবন কাটান। জেলে বন্দিদশায় নির্যাতন এবং মানসিক চাপের মধ্যেও তিনি ভারতীয় পরিচয় লুকিয়ে রাখার চেষ্টা চালান। ১৯৮৫ সালে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, পরে তা আজীবন কারাদণ্ডে পরিবর্তিত হয়।
মৃত্যু ও অসমাপ্ত আত্মপ্রকাশ
২০০১ সালের ২১ নভেম্বর রবীন্দ্র মিয়ানওয়ালি কেন্দ্রীয় জেলে ফুসফুসের রোগ এবং হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর। তাঁকে অজ্ঞাত এক কবরের পেছনে সমাহিত করা হয়।
'ধুরন্ধর' সিনেমা হয়তো দর্শককে আনন্দ দেয়, কিন্তু রবীন্দ্র কৌশিকের গল্প মনে করিয়ে দেয় যে গুপ্তচরদের জীবন কতটা অজ্ঞাত, কিন্তু তাদের ত্যাগ অমূল্য। তিনি ভারতের ইতিহাসের এক অসামান্য, কিন্তু প্রায় অজ্ঞাত নায়ক।