মুক্তির আগেই চমক! ‘ধুরন্ধর ২’-এ সেন্সরের কাঁচি, বাদ গেল ২১টি দৃশ্য।

ধুরন্ধর ২
শেষ আপডেট: 19 March 2026 09:38
দ্য ওয়াল ব্যুরো: অপেক্ষার অবসান। আজই মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ‘ধুরন্ধর ২’ (Dhurandhar 2)। মুক্তির আগেই ছবিকে ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে ছিল। এরই মধ্যে অনলাইনে ফাঁস হয়েছে ছবির সেন্সর সার্টিফিকেট, যা নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা।
জানা গিয়েছে, সেন্সর বোর্ড ছবির একাধিক দৃশ্যে কাটছাঁট করেছে। মোট প্রায় ২১টি জায়গায় পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছে বেশ কিছু নৃশংস দৃশ্য—যেমন চোখ খুবলে নেওয়া, মাথা কেটে নেওয়া, সিমেন্টের ব্লকে মাথা ঠুকে দেওয়া কিংবা হাতুড়ির আঘাতে মাথা থেঁতলে দেওয়ার মতো সহিংস অংশ। পাশাপাশি, ছবিতে নোটবন্দির ভুল তারিখ দেখানো হয়েছিল, সেটিও সংশোধন করা হয়েছে। একটি দৃশ্যে ‘লাহোর’-এর বদলে ‘দিল্লি’ নাম ব্যবহার করা হয়েছে।
ছবিটিকে ‘এ’ সার্টিফিকেট দেওয়া হয়েছে। বিদেশে প্রদর্শিত ভার্শনের দৈর্ঘ্য ৩ ঘণ্টা ৫৫ মিনিট হলেও, ভারতে মুক্তিপ্রাপ্ত সংস্করণটি ৩ ঘণ্টা ৪৯ মিনিটের। অর্থাৎ মোটামুটি ছয় মিনিট কমানো হয়েছে।
এই সিক্যুয়েলে ‘হামজা’ চরিত্রটি আরও ভয়ংকর ও দানবীয় রূপে ধরা দিয়েছে। ছবির ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। অগ্রিম টিকিট বুকিং শুরু হতেই ঝড়ের গতিতে বিক্রি হয়েছে টিকিট। একদিনেই প্রায় ৮৭,৮১০টি টিকিট বিক্রি হয়েছে বলে জানা যাচ্ছে। সিনে বিশ্লেষক তরণ আদর্শের তথ্য অনুযায়ী, বুকিং শুরু হওয়ার পর প্রতি ঘণ্টায় গড়ে প্রায় ৭৫০০টি করে টিকিট বিক্রি হয়েছে। এমনকি, বুকিং শুরুর মাত্র দুই ঘণ্টার মধ্যেই প্রায় ৪ কোটির ব্যবসা করে ফেলেছে ছবিটি।
‘ধুরন্ধর’-এর এই সিক্যুয়েলটি মুক্তি পাচ্ছে মোট পাঁচটি ভাষায়—হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম। এর মধ্যে হিন্দি ভার্সনের টিকিটই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে।