মহিলা জানান, টানা ছ’ঘণ্টা তাঁরা জ্যামে আটকে থাকার পরও সুরজ মৌর্য সঙ্গে ছিলেন, বিরক্তি প্রকাশ করেননি, বরং হাসিমুখেই বাড়ি পৌঁছে দেন।

ড্রাইভার সুরজ মৌর্যকে স্মমান জানাল র্যাপিডো
শেষ আপডেট: 4 September 2025 14:14
দ্য ওয়াল ব্যুরো: গুরুগ্রামে ভয়াবহ বৃষ্টিতে ট্রাফিক জ্যামে (Gurgaon Traffic) দুর্ভোগের শিকার মানুষ। তার মধ্যেই ৬ ঘণ্টা টানা আটকে থাকার পর মহিলা যাত্রীকে নিরাপদে বাড়ি পৌঁছে দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন র্যাপিডো ড্রাইভার সুরজ মৌর্য (Rapido Driver Suraj Maurya)। সোশ্যাল মিডিয়ার কাছে এখন তিনি “হিরো অব দ্য গ্রিডলক”। সব জানার পর এবার র্যাপিডো (Rapido) নিজেও আনুষ্ঠানিকভাবে তাঁকে সম্মান জানাল।
গত সপ্তাহে লাগাতার বৃষ্টির জেরে গুরুগ্রামের রাস্তায় রীতিমতো অচলাবস্থা তৈরি হয়েছিল। বহু এলাকায় জল জমে যায়। সেই সময় অ্যাক্টিভিস্ট দীপিকা নারায়ণ ভরদ্বাজ র্যাপিডোর একটি বাইক বুক করেছিলেন বাড়ি ফিরবেন বলে। তিনি জানান, টানা ছ’ঘণ্টা তাঁরা জ্যামে (6 hour long jam in Gurgaon viral story) আটকে থাকার পরও সুরজ মৌর্য সঙ্গে ছিলেন, কখনও বিরক্তি প্রকাশ করেননি, বরং হাসিমুখেই তাঁকে বাড়ি পৌঁছে দেন।
এক্স (পূর্বতন টুইটার)-এ দীপিকা লিখেছেন, “আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি সুরজ মৌর্যকে। ৬ ঘণ্টারও বেশি সময় আমার সঙ্গে ছিলেন, একবারও অভিযোগ করেননি। শেষমেশ বললেন, ‘ম্যাডাম, আপনি ইচ্ছে করলে যা খুশি দিন (ভাড়া)।’ সত্যিই উনি একেবারে হিরে মানুষ।”
এরপর তিনি আরও জানান, র্যাপিডো সুরজ মৌর্যকে অফিসে ডেকে বিশেষ পুরস্কার দিয়েছে। দীপিকা লিখেছেন, “দেখুন কে পুরস্কার পেয়েছেন! সুরজ মৌর্য ভাই – দ্য হিরো অব গুরগাঁও গ্রিডলক!!! র্যাপিডো আজ তাঁকে সম্মান জানিয়েছে, উপহার দিয়েছে। ওই দুঃসহ রাতে ছ’ঘণ্টা ড্রাইভ করে আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য উনি যে ভালবাসা আর শ্রদ্ধা পাচ্ছেন, সেটা সত্যিই প্রাপ্য,”
LOOK WHO GOT REWARDED !!!
Suraj Maurya Bhai - The Hero of Gurgaon Gridlock !!! @rapidobikeapp called him to office today and gave a gift for his hardwork & all the appreciation he is receiving for his kind gesture of driving for 6 hours on that nightmarish day to drop me home pic.twitter.com/UX8Ghr8ejX— Deepika Narayan Bhardwaj (@DeepikaBhardwaj) September 3, 2025
এই স্বীকৃতিকে ঘিরে সোশ্যলা মিডিয়া ভেসেছে প্রশংসায়। একজন লিখেছেন, “চমৎকার সম্মান… অসাধারণ।” আরেকজনের মন্তব্য, “আজকের দিনের অন্যতম হৃদয়ছোঁয়া পোস্ট।” তৃতীয়জন বলেন, “পুরোপুরি প্রাপ্য। #SurajMaurya সেই রাতে প্রকৃত মানবিকতার পরিচয় দিয়েছেন, যখন গোটা শহর জ্যামে আটকে ছিল। ধন্যবাদ র্যাপিডোকে এমন উদ্যোগ নেওয়ার জন্য।”
আরেকজন ব্যবহারকারীর কথায়, “সত্যিই, সুরজ মৌর্যর মতো মানুষই আসল হিরো, কোনও স্বার্থ ছাড়াই অন্যকে সাহায্য করেছেন। ছ’ঘণ্টা ধরে এত নিষ্ঠা ও পরিশ্রম, সত্যিই স্যালুট।”
প্রসঙ্গত, গুরুগ্রামের এই ভয়াবহ ট্রাফিক পরিস্থিতিকে স্থানীয়রা নাম দিয়েছেন ‘গুরুজ্যাম’। জলমগ্ন রাস্তায় হেঁটে যাতায়াত করছেন বাসিন্দারা, কেউ কেউ ট্রাকের পেছনে চেপে ফিরছেন বাড়ি। মেট্রো স্টেশনে ঠাসাঠাসি ভিড়, এমনকী অভিজাত আবাসিক এলাকাতেও নেমেছে জল। এই অচলাবস্থার মাঝেই আলো ছড়িয়েছেন সুরজ মৌর্য - এক সাধারণ বাইকচালক, যিনি অসাধারণ মানবিকতার উদাহরণ গড়লেন।