রেস্তরাঁর দাবি, তাদের নিয়ম অনুযায়ী খাবার পরিবেশনের আগে একাধিকবার পরীক্ষা করা হয়, তাই এমন ঘটনা ঘটতে পারে না।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 24 August 2025 16:43
দ্য ওয়াল ব্যুরো: রেস্তরাঁ থেকে খাবার অর্ডার করে খাওয়াটা যেন দিনের পর দিন এক বিভীষিকার রূপ নিয়েছে। কখন চুল, কখন সাপ - যেন মিলছে ‘কমপ্লিমেন্টারি’ হিসেবে। এবার সেই তালিকায় নাম এল নিউইয়র্ক সিটির।
স্থানীয় এক মহিলার দাবি, তিনি রেস্তরাঁ থেকে চিকেন র্যাপ অর্ডার করেছিলেন। খাওয়ার সময় কামড় দিয়ে র্যাপের মধ্যে খুঁজে পান মানুষের আঙুলের টুকরো। ঘটনাটি প্রকাশ্যে আসতেই রেস্তরাঁকে ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
আইনি অভিযোগ অনুযায়ী, ৪৩ বছর বয়সি মেরি এলিজাবেথ স্মিথ গত বছরের ১৭ নভেম্বর কুইন্সের ‘ক্রিয়েট অ্যাস্টোরিয়া’ নামে একটি মেডিটারেনিয়ান রেস্তরাঁ থেকে চিকেন র্যাপ কিনেছিলেন। বাড়ি ফিরে সেটি খাওয়ার সময় হঠাৎ তিনি কামড়ে পান আঙুলের একটি অংশ।
স্মিথের আইনজীবী জানান, ওই টিস্যু পরীক্ষার জন্য পাঠানো হয় এবং রিপোর্টে নিশ্চিত হয় যে সেটি এক মহিলার আঙুলের অংশ। স্মিথ বলেন, এই ঘটনার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং তার এমন প্রভাব পড়েছে যে তা তাঁর মনে চিকেন খাওয়া নিয়ে ‘ট্রমা’ তৈরি করেছে। শুধু তাই নয়, সম্ভাব্য সংক্রমণ এড়াতে তাঁকে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি-ও নিতে হয়।
অন্যদিকে, রেস্তরাঁর মালিক টেডি কারাগিয়ানিস অভিযোগটিকে ‘অসম্ভব ও হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, তাঁদের রেস্তরাঁয় খাবার পরিবেশনের আগে একাধিকবার পরীক্ষা করা হয়, তাই এমন ঘটনা ঘটতে পারে না। বরং তিনি পাল্টা অভিযোগ করে বলেন, স্মিথ আঙুলের টুকরো অন্য কোথাও থেকে এনেছেন এবং তিনি রেস্তরাঁর বদনাম করছেন।
রেস্তরাঁর ইন্স্যুরেন্স সংস্থা লিবার্টি মিউচুয়ালও স্মিথের দাবি খারিজ করেছে। তবে স্মিথ পাল্টা যুক্তি দিয়ে বলেছেন, ওইদিন তিনি স্পষ্টই দেখেছিলেন যে রেস্তরাঁয় মহিলা কর্মী কাজ করছিলেন।
এই মামলা এখন আদালতে পৌঁছেছে, যেখানে একদিকে স্মিথের দাবি, অন্যদিকে রেস্তরাঁর পাল্টা অভিযোগ - দু’পক্ষের লড়াই ঘিরে তীব্র কৌতূহল তৈরি হয়েছে।