হিমাচলের একটি বিশেষ সম্প্রদায়ের জোড়িদার ঐতিহ্যের দুই ভাইকে বিয়ের ঘটনার পর ফের চমকপ্রদ একটি বিয়ের সাক্ষী থাকল পাহাড়ি এই রাজ্য।

পাত্রের নাম দুমিন্দু বিঠানাগে। তাঁর জন্ম শ্রীলঙ্কায়। হিন্দু রীতি অনুযায়ী তিনি বিয়ে করলেন রসিকা নেগিকে।
শেষ আপডেট: 25 November 2025 12:45
দ্য ওয়াল ব্যুরো: বর শ্রীলঙ্কার। বরযাত্রী নিয়ে পাত্র এলেন নিউজিল্যান্ড থেকে। বিয়ে হল হিমাচল প্রদেশে। হিমাচলের একটি বিশেষ সম্প্রদায়ের জোড়িদার ঐতিহ্যের দুই ভাইকে বিয়ের ঘটনার পর ফের চমকপ্রদ একটি বিয়ের সাক্ষী থাকল পাহাড়ি এই রাজ্য। হিমাচলের সিরমৌর জেলার মানুষই শুধু নয়, এরকম এক অত্যাশ্চর্য দৃষ্টি আকর্ষণকারী বিয়েতে সাড়া পড়েছে নেট দুনিয়াতেও।
স্থানীয় বিজেপি নেতা রাজেন্দ্র নেগির বাড়ি শিল্লাই বাশবন গ্রামে। তাঁরই মেয়ে রসিকা নেগির বিয়ে হল কাছেই শিখ গুরুদ্বার পাওন্তা সাহিবে। এই বিয়ে দুদেশের ঐতিহ্য-পরম্পরা ও সীমান্তের ভেদাভেদ মুছে এই মিলনোৎসবের প্রতীকে পরিণত হয়েছে। এই অভিনব বিয়ের পাত্রের নাম দুমিন্দু বিঠানাগে। তাঁর জন্ম শ্রীলঙ্কায়। হিন্দু রীতি অনুযায়ী তিনি বিয়ে করলেন রসিকা নেগিকে।
কন্যাপক্ষ নয়, বর নিজেই জেদ ধরে বসেছিলেন যে, বিয়ে করলে ভারতে এসে হিন্দু রীতি মেনে করবেন। তাই নিউজিল্যান্ডে বসবাসকারী তাঁর বাবা-মা সহ আত্মীয়-পরিজনরা পাশের গ্রাম থেকে বরাতি (বরযাত্রী) নিয়ে বেরিয়ে চলে আসেন বিয়ে করতে। অবশ্যই ঢাকঢোল বাজিয়ে, নাচতে নাচতে। বর নিজেই বলেন, ভারতে বিয়ে করতে পেরে আমরা দুজনেই সৌভাগ্যবান বলে মনে করছি নিজেদের। তবে এটা করতে দুই পরিবারকে বোঝাতে বেশ কষ্ট পেতে হয়েছে। কিন্তু শেষপর্যন্ত আমাদের প্রেম সব বাধাকে জয় করেছে। আমাদের ভালবাসার টানে দেশের দূরত্ব, সংস্কৃতি, ভাষা এবং পরম্পরার জাল ছিঁড়েছে।
রীতিনীতি মেনেই বরযাত্রীদের পাওন্তা সাহিবের একটি রিসর্টে স্বাগত জানান কনের বাবা। সেখানে বাজছিল ঢোলতাসা। চলছিল বিয়ের গান, ফুলের বর্ষা। রিসর্টটি সাজানো হয়েছিল পুরোপুরি দেশীয় বিয়ের কায়দায়। অতিথিরাও হিমাচলী ও উত্তরাখণ্ডী লোকনৃত্যের সঙ্গে কোমর-পা মেলান।
বর-কনে দুজনেই নিউজিল্যান্ডে চাকরি করেন। সেখানেই বরের পরিবার থাকেন। বরযাত্রী তালিকায় বিভিন্ন দেশের বন্ধুবান্ধব যেমন- আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার নাগরিক ছিলেন। সব মিলিয়ে একটি আন্তর্জাতিক সেমিনারের রূপ পেয়েছিল এই বিবাহবাসর। তাঁরাও স্থানীয়দের সঙ্গে লোকনৃত্য নটী ও রসা নাচের তালে অংশ নেন।