ওপেনএআই (Open AI) জানিয়েছে, ফ্রি ব্যবহারকারীদের তুলনায় ১০ গুণ বেশি মেসেজ পাঠানো যাবে এবং ১০ গুণ বেশি ছবি তৈরি করা যাবে চ্যাটজিপিটির মাধ্যমে। শুধু তাই নয়, মেমোরি হবে দ্বিগুণ এবং উত্তরও আসবে আরও নির্ভুল ও উন্নতমানের।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 21 August 2025 17:51
দ্য ওয়াল ব্যুরো: ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহার দিন দিন বাড়ছে। পড়াশোনা, চাকরি, গবেষণা থেকে শুরু করে কনটেন্ট তৈরি, সব ক্ষেত্রেই মানুষ এখন এআই (AI) ব্যবহার করছে। এই বাড়তে থাকা চাহিদাকে মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই (OpenAI)। সংস্থাটি জানিয়েছে, ভারতীয়রা এবার থেকে অনেক কম খরচে সাবস্ক্রিপশন প্ল্যান নিতে পারবেন।
মঙ্গলবার ওপেনএআই নতুন সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে, এর নাম 'চ্যাট জিপিটি গো' (ChatGPT Go)। মাত্র ৩৯৯ টাকায় মিলবে এই সুবিধা। সংস্থার দাবি, এটি তাদের সবচেয়ে আধুনিক মডেল, যেখানে ব্যবহারকারীরা ফ্রি ভার্সনের তুলনায় বহুগুণ সুবিধা পাবেন।
কী থাকছে এই নতুন প্ল্যানে?
ওপেনএআই (Open AI) জানিয়েছে, ফ্রি ব্যবহারকারীদের তুলনায় ১০ গুণ বেশি মেসেজ পাঠানো যাবে এবং ১০ গুণ বেশি ছবি তৈরি করা যাবে চ্যাটজিপিটির মাধ্যমে। শুধু তাই নয়, মেমোরি হবে দ্বিগুণ এবং উত্তরও আসবে আরও নির্ভুল ও উন্নতমানের। ফলে শিক্ষার্থী থেকে শুরু করে অফিস কর্মী, গবেষক বা কনটেন্ট ক্রিয়েটর, সবাই উপকৃত হবেন।
সংস্থার আগের 'প্লাস' বা 'প্রো' প্ল্যানের দাম অনেক বেশি, যা অনেকের নাগালের বাইরে ছিল। তাই এবার বিশেষভাবে ভারতীয় বাজারের কথা ভেবে এই সাশ্রয়ী 'গো প্ল্যান' আনা হয়েছে। বর্তমানে ভারত হল চ্যাটজিপিটির দ্বিতীয় বৃহত্তম বাজার। এদেশে ব্যবহারকারীর সংখ্যা এত দ্রুত বাড়ছে যে, ওপেনএআইকে আলাদা করে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
চ্যাটজিপিটি গো ব্যবহার করতে হলে সরাসরি chat.openai.com ওয়েবসাইটে গিয়ে সাবস্ক্রিপশন নিতে হবে। মোবাইল অ্যাপ ব্যবহারকারীরাও চাইলে অ্যাপের upgrade অপশন থেকে এটি বেছে নিতে পারবেন। সবচেয়ে বড় পরিবর্তন হল, এবার থেকে শুধু 'গো' নয়, ওপেনএআইয়ের সব প্ল্যানেই ইউপিআই পেমেন্ট সাপোর্ট থাকবে।
এই উদ্যোগের ফলে ভারতীয়রা খুব সহজে এবং সাশ্রয়ী মূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তার অভিজ্ঞতা নিতে পারবেন। প্রযুক্তিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার দিক থেকে এটি নিঃসন্দেহে বড় পদক্ষেপ।