অনুজ শান্তভাবে জিজ্ঞেস করেন, 'যখন কেউ কিছু বলেনি, তাহলে কেন মারলে? কেন মারলে ওকে? তোমার মারার কথা ছিল না, ও তো ভদ্র মেয়ে।' এরপর তিনি ছেলেকে মনে করিয়ে দেন, অন্যের জিনিস নেওয়া ভুল।

ভাইরাল ভিডিও
শেষ আপডেট: 30 August 2025 19:50
দ্য ওয়াল ব্যুরো: স্কুলে সহপাঠীকে মেরেছে ছেলে, এরপর বাড়িতে সেই ভুলের 'শিক্ষা' দিলেন সিইও বাবা (Father teaches son life lesson on bullying)। তবে এ কোনও কঠিন সাজা নয় বরং সহজ কথাবার্তার মাধ্যমেই ছেলেকে বোঝালেন 'বুলিং'-এর অর্থ। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Video Viral on Social media)।
ভিডিওটি প্রথম শেয়ার করা হয়েছিল অদ্বিক পলের (Adwik Paul) ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সেখানে 'মাই ফান্ডবক্স ফিনান্সিয়াল সার্ভিসেস'-এর সিইও অনুজ পল ছেলেকে জিজ্ঞেস করেন, 'বেটা, স্কুল থেকে তোমার বিরুদ্ধে কী অভিযোগ এসেছে? ছেলের সোজাসাপ্টা জবাব, 'আমি মেরেছি।' অনুজ আরও জানতে চাইলে, আদ্বিক বলে তার সহপাঠী তাকে মারতে বলেছিল। পরে স্বীকার করে, আসলে ওই সহপাঠী কিছুই করেনি।
অনুজ শান্তভাবে জিজ্ঞেস করেন, 'যখন কেউ কিছু বলেনি, তাহলে কেন মারলে? কেন মারলে ওকে? তোমার মারার কথা ছিল না, ও তো ভদ্র মেয়ে।' এরপর তিনি ছেলেকে মনে করিয়ে দেন, অন্যের জিনিস নেওয়া ভুল। 'তুমি ওর রাবারও নিয়েছ। কারও জিনিস নেওয়া যাবে না। তুমি হিরো হবে না ভিলেন হবে? কী হতে চাও?' ছেলে উত্তর দেয়, 'হিরো।'
তখন অনুজ বোঝান, 'যদি ক্লাসের আরও ৩-৪ জন তোমাকে মারে, তাহলে কেমন লাগবে? একে বলে বুলিং, আর যে করে সে-ই হয় বুল্লি। তুমি কি বুল্লি হতে চাও?' আদ্বিক স্পষ্টভাবে বলে, 'না।' তা শুনে তার বাবা বলেন, 'চলো, এখনই তার কাছে গিয়ে ‘সরি’ বলো।' সেই ভিডিওতেই দেখা যায় অদ্বিক তার সহপাঠীর কাছে ক্ষমা চাইছে।
ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, 'তুমি কি বুল্লি হতে চাও? কোনও শিশু জন্ম থেকে বুল্লি নয়, এটা তাদের সিদ্ধান্ত ও শিক্ষার ফল। দয়া শক্তি, হিংসা দুর্বলতা। বুল্লি নয়, হিরো তৈরি করুন।'
ভিডিওটি ইতিমধ্যেই ১৫ লক্ষের বেশি ভিউ পেয়েছে। নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন অনুজকে। একজন লিখেছেন, 'এভাবেই প্রতিটি বাবা-মার তাঁদের সন্তানকে শেখানো উচিত।' আরেকজন লিখেছেন, 'বাবা শান্ত থেকেই ছেলেকে বুঝিয়ে দিলেন, দারুণ উদাহরণ।' তৃতীয়জনের কথায়, 'শুধু পড়াশোনা নয়, জীবনের মূল্যবোধ শেখানোও জরুরি।' পাশাপাশি, অনেকে আবার একে বলেছেন, 'প্যারেন্টিং ডান রাইট' এবং 'এমন শিক্ষা আজীবন সন্তানের মনে থেকে যাবে।'