ভিডিওটি শুরু হয় একেবারে বাড়ির বাইরে থেকে। প্রিয়ম সরস্বত দম্পতিকে বলেন, "খুব সুন্দর বাড়ি। আপনারা এখানে থাকেন?" জবাবে তাঁরা মিষ্টি হেসে বলেন, "হ্যাঁ।"
.jpg.webp)
ভাইরাল ভিডিও
শেষ আপডেট: 23 August 2025 18:35
দ্য ওয়াল ব্যুরো: দেশের অন্যতম ব্যস্ত শহর বেঙ্গালুরু। যানজট, কোলাহল লেগেই আছে। এই শহরের থেকে নিজেদের তিক্ত অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অনেকেই। কিন্তু এবার সামনে এল বেঙ্গালুরুর এক দম্পতির 'অনন্য' ভাবনা। আকাশচুম্বী অফিস, অ্যাপার্টমেন্ট ব্লক আর যানজটের ভিড়ের মাঝেই তাঁরা গড়ে তুলেছেন শান্তি আর টেকসই জীবনের প্রতীক 'ইকো ফ্রেন্ডলি' বাড়ি।
সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর প্রিয়ম সরস্বত (Content creator Priyam Saraswat) একটি ভিডিওর মাধ্যমে এই ইকো-ফ্রেন্ডলি বাড়ির 'হাউজ ট্যুর' শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে শেয়ার করা এই ভিডিওতে দেখা যায়, বেঙ্গালুরুর এই দম্পতির বাড়ি তৈরি হয়েছে কাদামাটির দেয়াল, উল্টোনো মাটির হাঁড়ি, বর্জ্য কাঁচের বোতল আর প্রাকৃতিক আলো দিয়ে। নেটিজেনরা মুগ্ধ হয়ে বলেছেন, 'এমন এক ঘর যেন সত্যিই শ্বাস নেয়।'
ভিডিওটি শুরু হয় একেবারে বাড়ির বাইরে থেকে। প্রিয়ম সরস্বত দম্পতিকে বলেন, "খুব সুন্দর বাড়ি। আপনারা এখানে থাকেন?" জবাবে তাঁরা মিষ্টি হেসে বলেন, "হ্যাঁ।" এরপর প্রিয়ম জিজ্ঞেস করেন, "একটা ছোট্ট ট্যুর দেওয়া যাবে?" "অবশ্যই", উত্তর দেন তাঁরা।
তরুণী দর্শকদের স্বাগত জানিয়ে বলেন, "আমাদের ঘরে স্বাগত। এর নাম ‘সত্যচিত্ত’ (Satya chitt), মানে সত্যিকারের চেতনা। আমাদের উদ্দেশ্য ছিল এমন একটা বাড়ি বানানো, যা আমাদের চেতনা বাড়িয়ে দেয়।"
কাদামাটির দেয়ালে জুড়ে দেওয়া রঙিন কাঁচের বোতল দেখে প্রিয়ম অবাক হয়ে বলেন, "এগুলো বর্জ্য বোতল? কী দারুণ দেখাচ্ছে!" বাড়ির প্রবেশমুখে একটি চাপকলও দেখা যায়। তা নিয়ে যুবক ব্যাখ্যা করেন, "এখানে আমরা বৃষ্টির জল ব্যবহার করি।"
ঘরের ভিতরে ঢুকেই তরুণী জানান, “আমাদের এখানে একটা প্রাকৃতিক পুকুর আছে। কাদামাটির দেওয়াল ঘরকে ঠান্ডা রাখে। এজন্য আমাদের কোনও এয়ার কন্ডিশনার লাগে না। আমরা মাটিতে বসে খাই। ওটা ১৫০ বছরের পুরনো দরজা, রাজস্থান থেকে আনা।" এরপরই তাঁর স্বামী জানান, “এই জায়গাটা আমরা বিশেষভাবে বানিয়েছি মেডিটেশন করার জন্য। ছাদে একাধিক স্তরে কাদা, উল্টোনো মাটির হাঁড়ি রাখা আছে। রান্নাঘরটা আধুনিক আর ঐতিহ্যের মিশ্রণ।"
উপরে ওঠার পথে প্রিয়ম দেখেন একটি স্কাইলাইট আর পুলি সিস্টেম। তরুণী তাঁদের ঘর দেখিয়ে বলেন, "আমরা এখানে একসাথে সময় কাটাতে ভালোবাসি। খুবই সাধারণভাবে সাজানো।"
যখন জিজ্ঞেস করা হয় টেকসই জীবনযাপনে কি আরাম বিসর্জন দিতে হয়, তিনি বলেন, "না, একদম নয়। আধুনিক বাড়ির মতোই আরাম আছে, শুধু ভাবনায় একটু পরিবর্তন দরকার।"
জানা যায়, তরুণীর নিজের ব্যবসা আছে এবং তাঁর স্বামী বেঙ্গালুরুতে এক আইটি সংস্থায় কাজ করেন। ভিডিওর শেষে ওই কন্টেন্ট ক্রিয়েটর বলেন, "আপনাদের বাড়িটি সত্যিই অসাধারণ।"
ভাইরাল ক্লিপের ক্যাপশনে লেখা ছিল। 'Sustainable house in Bengaluru'। এই ভিডিও দেখে অনেকে তাঁদের স্বপ্নের ঘর খুঁজে পেয়েছেন। একজন দর্শক লিখেছেন, 'এমন ঘর বানানোই আমার স্বপ্ন', আরেকজন মন্তব্য করেছেন, 'আধুনিকতা আর ঐতিহ্যের এমন মিশ্রণ খুবই কম দেখা যায়।' এই ভাইরাল ভিডিওটি ইতিমধ্যেই ইতিমধ্যেই ১৩ লাখের বেশি ভিউ পেয়েছে।