ফ্লাইট অ্যাটেনডেন্টের উদ্যোগে স্পিকার জোগাড় হয়। তাতেই যাত্রীদের সঙ্গে বিমানকর্মীরাও নেমে পড়েন গরবার ছন্দে।

শেষ আপডেট: 30 September 2025 14:07
দ্য ওয়াল ব্যুরো: নবরাত্রি চলছে, উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। কাজের সূত্রে গোয়া গিয়েছিলেন, সেখান থেকে দ্রুত সুরাট ফিরে এসে গরবা (Garba event) খেলায় যোগ দেওয়ার পরিকল্পনা ছিল ময়ূরের। কিন্তু প্রথমে ট্রেনের সমস্যা, পরে বিমানের দেরি তাঁর পরিকল্পনায় জল ঢাললেও, আনন্দের মেজাজে বিন্দুমাত্র ভাটা পড়েনি।
রবিবার বিকেল ৫টায় গোয়া থেকে সুরাটগামী ফ্লাইট ছাড়ার কথা ছিল। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে ফ্লাইটের সময় পিছিয়ে (Flight delay) যায় প্রায় পাঁচ ঘণ্টা। তাতেই যাত্রীরা গোয়া এয়ারপোর্টকে (Goa airport) পরিণত করেন জমজমাট মেলায়। শুরু হয় গরবা উৎসব।
ময়ূর প্রথমে গরবাতে যোগ দেবেন বলে ট্রেনের টিকিট বুক করেছিলেন। সেখানে কিছু সমস্যা দেখা দেওয়ায় তিনি তা ক্যানসেল করে ফ্লাইটের টিকিট কাটেন। সেখানেও বাধা আসে। তাড়াতাড়ি বাড়ি পৌঁছনোর ইচ্ছে প্রকাশ করেন ফ্লাইট অ্যাটেনডেন্টের কাছে। সেখানেই রাস্তা খুলে যায় উৎসব পালন করার, নিজেদের ছন্দে।
ফ্লাইট অ্যাটেনডেন্টের উদ্যোগে স্পিকার জোগাড় হয়। তাতেই যাত্রীদের সঙ্গে বিমানকর্মীরাও নেমে পড়েন গরবার ছন্দে। হাতে হাতে তালি আর বৃত্তে ঘুরে ওঠা - সব মিলিয়ে এয়ারপোর্টের লাউঞ্জ যেন মুহূর্তে গুজরাতের গরবা মাঠে পরিণত হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, যাত্রীরা বৃত্তে দাঁড়িয়ে নাচছেন, এক ব্যক্তি মাঝ থেকে সবাইকে বৃত্ত আরও বড় করতে বলছেন যাতে আরও মানুষ যোগ দিতে পারেন। মাঝেমধ্যে বিমানকর্মীরাও তালে পা মেলাচ্ছেন।
অন্য যাত্রীরা, যারা নিজেদের ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলেন, তারাও এ দৃশ্য উপভোগ করেন করতালিতে।
এই আনন্দঘন মুহূর্ত নবরাত্রির উৎসবকে আরও রঙিন করে তুলেছে।