নিলামকারী সংস্থার ভাষায়, এত দামে কোনও কমিকসের বই এর আগে বিক্রি হয়নি।

সুপারম্যান নম্বর ওয়ান প্রথম প্রকাশিত হয় ১৯৩৯ সালে।
শেষ আপডেট: 25 November 2025 13:50
দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পার অমূল্য রতন। তেমনই ঘটনা ঘটল সুপার-কমিকস সুপারম্যানের প্রথম সংস্করণের আবিষ্কারে। প্রয়াত মায়ের পুরনো জিনিসপত্র ঘেঁটেঘুঁটে পরিষ্কার করতে গিয়ে সুপারম্যান কমিকসের প্রথম সংস্করণ পুনরুদ্ধার করলেন তিন ভাই। আর সেই রঙিন কমিকস বইটি টেক্সাসের নিলামদারের ঘর থেকে বিক্রি হয়েছে ৮১ কোটি ৩৫ লক্ষ ২৬ হাজার ৬৬৫ টাকায়। নিলামকারী সংস্থার ভাষায়, এত দামে কোনও কমিকসের বই এর আগে বিক্রি হয়নি।
গতবছর সান ফ্রান্সিসকোর বাড়িতে তাঁদের মায়ের মৃত্যু হয়েছিল। তিনি অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। তাঁর কাছে বেশ কিছু দুষ্প্রাপ্য কমিকসের বই ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি এবং তাঁর ভাই বা বোন ওগুলি সংগ্রহ করেছিলেন। মায়ের মৃত্যুর পর তিন ছেলে বাড়ির ধুলো-ময়লা, মাকড়সার জাল ও জিনিসপত্র পরিষ্কার করতে গিয়ে এই বইটির সন্ধান পান। একগাদা পুরনো রদ্দি সংবাদপত্রের নীচে, একটি কার্ডবোর্ডের বাক্সের ভিতরে এগুলি রাখা ছিল।
ওই মহিলা ছেলেদের বলে গিয়েছিলেন যে, ওখানে বেশ কিছু দুষ্প্রাপ্য কমিক বই রাখা আছে। কিন্তু, তাঁরা কোনওদিন এগুলি দেখতে পাননি। অবশেষে তিন ছেলে মায়ের বাড়ি বিক্রি করতে গিয়ে তা সাফাই করতে নামেন। নিলামকারী সংস্থা হেরিটেড অকশনের কমিকস বিভাগের ভাইস প্রেসিডেন্ট লোন অ্যালেন জানান, বাড়ি সাফাই করতে গিয়েই এটির হদিশ পান তাঁরা। এরপরেই তাঁরা অকশন কোম্পানিকে খবর দেন।
শুনেই অ্যালেন বিমানে চেপে সান ফ্রান্সিসকোতে যান। তিনিই উদ্ধার করেন যে, এটি হল সুপারম্যান নম্বর ওয়ান-এর সংস্করণ। এরপর তা বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানো হয়। অ্যালেন বলেন, এটা এমন অবস্থায় ছিল যে, কেউ এটা আবর্জনা ভেবে ফেলে দিতে পারত। বা অন্যভাবে নষ্ট করে দিতে পারত। সুপারম্যান নম্বর ওয়ান প্রথম প্রকাশিত হয় ১৯৩৯ সালে। প্রকাশক ছিল ডিটেকটিভ আইএনসি। মাত্র গুটিকতক কপি সে সময় ছাপা হয়েছিল।