এই প্রথা কিন্তু আজকের নয়, ‘সাদুমা না গরবা’ নামে পরিচিত এই অনুষ্ঠান চলে আসছে প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে, প্রায় ২০০ বছর ধরে।

পুরুষরা শাড়ি পরে গরবায় অংশ নেন, পা মেলান নাচের ছন্দে।
শেষ আপডেট: 2 October 2025 15:49
দ্য ওয়াল ব্যুরো: সারাদেশ সাড়ম্বরে পালন করেছে নবরাত্রি। করেছে মা দুর্গার আরাধনা। বাদ যায়নি আমদাবাদ পুরনো শহরের 'সাদু মাতা নি পোল' এলাকাও। প্রতিবছরের মতো এ বছরও সেখানে অনুষ্ঠিত হল এক বিশেষ নবরাত্রি পালা। অন্যরকম এক গরবার নিদর্শন দেখল সোশ্যাল মিডিয়া। যা এখন ভাইরাল নেটদুনিয়ায়।
এখানে পুরুষরা শাড়ি পরে গরবায় অংশ নেন, পা মেলান নাচের ছন্দে। এই প্রথা কিন্তু আজকের নয়, ‘সাদুমা না গরবা’ নামে পরিচিত এই অনুষ্ঠান চলে আসছে প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে, প্রায় ২০০ বছর ধরে। এই প্রথার সঙ্গে জড়িয়ে আছে এক করুণ ইতিহাস।
স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, প্রায় দুই শতাব্দী আগে সাদুবেন নামে এক মহিলাকে এক মুঘল আমলার অনিচ্ছুক আগ্রাসন সহ্য করতে হয়েছিল। বারোট সম্প্রদায়ের পুরুষদের কাছে সাহায্য চেয়েও তিনি রক্ষা পাননি। সন্তানকেও হারান তিনি। সেই শোক ও অপমান বুকে নিয়ে সাদুবেন অভিশাপ দিয়েছিলেন, ওই সম্প্রদায়ের ভবিষ্যৎ প্রজন্মের পুরুষ হবে মেরুদণ্ডহীন, অর্থাৎ সাহস থাকবে না তাদের কোনও কিছুর সামনে দাঁড়ানোর। পরে তিনি 'সতী' প্রথা পালন করেন। সেই ঘটনার স্মৃতি ও অভিশাপের প্রায়শ্চিত্ত হিসেবে প্রজন্মের পর প্রজন্ম ধরে পুরুষেরা এই গরবায় শাড়ি পরে অংশ নেন।
চলতি বছরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। “Saree Garba Ritual at Sadu Mata Ni Pol in Amdavad” শিরোনামে ইনস্টাগ্রামে শেয়ার হওয়া ক্লিপটি দেখে নেটিজেনরা বিস্মিত।
একজন লিখেছেন, “এমন প্রথার কথা কখনও শুনিনি। স্যালুট।” আরেকজনের মন্তব্য,“এই প্রথা পুরুষদের বিনয় আর নারীর প্রতি শ্রদ্ধা শেখায়। বাংলার কিছু জায়গাতেও এরকম দেখা যায়।”
এই ঐতিহ্য তাই কেবল গরবার আনন্দই নয়, ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায়ের স্মৃতি ও শিক্ষা বহন করে চলেছে।