৯১ বছর বয়সেও বিছানায় শুয়ে ছেলের জন্য সোয়েটার বুনলেন মা।

ফাইল চিত্র
শেষ আপডেট: 27 December 2025 19:52
দ্য ওয়াল ব্যুরো: মায়ের ভালবাসা সব সময় বড় কোনও উপহারে ধরা পড়ে না। অনেক সময় সেই ভালবাসা লুকিয়ে থাকে ধৈর্য, সময় আর আদরে বোনা ছোট ছোট সুতোর ভাঁজে। ঠিক এমনই এক গল্প শেয়ার করে নেটদুনিয়াকে আবেগে ভাসিয়েছেন অরুণ ভগবথুলা। ৯১ বছর বয়সে চোখে ঝাপসা দেখেন, হাত কাঁপে—সব সীমাবদ্ধতাকে পিছনে ফেলে শুধু ভালবাসার টানে এগিয়ে গেলেন তিনি। বিছানায় শুয়েই ধীরে ধীরে সুতোর ভাঁজে ভাঁজে বুনে ফেললেন ছেলের জন্য একটি সোয়েটার।
অরুণের মা এখন ৯১ বছরের বৃদ্ধা। বয়সের ভারে শরীর আর তেমন সায় দেয় না। বেশিরভাগ সময়ই তাঁকে বিছানায় শুয়ে থাকতে হয়। তবু ছেলের জন্য কিছু একটা করার ইচ্ছেটা যেন মন থেকে একটুও মুছে যায়নি। একদিন অরুণকে তিনি মেসেজ করে জানান, ছেলের জন্য নিজে হাতে একটি সাদা সোয়েটার বুনতে চান। অরুণ প্রথমে না করতে চাইলেও মায়ের জেদ আর আবদারের কাছে হার মানতে হয়।
বিছানায় শুয়েই শুরু হয় সোয়েটার বোনার কাজ। ওপরের অংশ বোনা শেষ হলে মা গলার মাপ নিয়ে জানতে চান। অরুণ বলেন, নেকটা একটু লম্বা হলে ভাল হয়। কোনও অভিযোগ না করে মা পুরোটা খুলে আবার নতুন করে বুনতে শুরু করেন।
My 91-year-old mom knitted this sweater for me!
She’s confined to bed now, but that hasn’t stopped her. She knits lying down, pauses whenever her hands start hurting, rests a bit, then goes back to it. Watching that alone is humbling.
Before starting, she messaged me saying she… pic.twitter.com/K2yzJUL8q8— Arunn Bhagavathula చి లిపి (@ArunBee) December 26, 2025
কিছুদিন পর সামনের আর পেছনের অংশ তৈরি হলে অরুণ ট্রায়াল দেন। তখনই ধরা পড়ে নতুন সমস্যা। দুই পাশের মাঝে প্রায় ছয় ইঞ্চির ফাঁক। মা বিস্মিত হয়ে বলেন, ছেলের দেওয়া বুকের মাপ অনুযায়ীই তো বুনেছেন। অরুণ হেসে উত্তর দেন, “তুমি তো আমার বুকের মাপ নিয়েছিলে, কোমরের নয়।” কথা শুনে একটু অনিচ্ছা থাকলেও মা আবার পুরো সোয়েটার খুলে নতুন করে বোনা শুরু করেন।
শেষমেশ সোয়েটারটি তৈরি হয়। তবে এবার সেটি দৈর্ঘ্যে একটু ছোট। কিন্তু আর কিছু বলার সাহস পাননি অরুণ। নিজের পোস্টে তিনি লেখেন, “সোয়েটারটা ছোট হতে পারে, কিন্তু তাঁর ভালবাসা কখনও ছোট নয়।”
এই গল্প সামনে আসতেই আবেগে ভেসেছে সোশ্যাল মিডিয়া। কেউ লিখেছেন, “আপনি সত্যিই ভাগ্যবান, এমন ভালবাসা খুব কম মানুষই পায়।” কারও মন্তব্য, “এই অপূর্ণতাগুলিই সোয়েটারটাকে নিখুঁত করে তুলেছে।”