এই পরিস্থিতিতে ইউক্রেনবাসীর উদ্দেশে দৃঢ় থাকার আহ্বান জানান প্রেসিডেন্ট। তিনি কৃতজ্ঞতা জানান সেই সমস্ত মানুষদের প্রতি, যাঁরা নিজের জীবন বাজি রেখে দেশের স্বার্থ রক্ষা করেছেন।

শেষ আপডেট: 25 December 2025 22:36
দ্য ওয়াল ব্যুরো: গোটা পৃথিবী বড়দিন পালন করছে যখন, সেই রাতেও থামেনি যুদ্ধ। উৎসবের দিনেই ইউক্রেনে ব্যাপক হামলা চালাল রাশিয়া (Russia attacks Ukraine on Christmas), আর তার মধ্যেই জাতির উদ্দেশে ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) মৃত্যুকামনা করলেন (Zelenskyy death wish for Putin) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodimir Zelenskyy), যদিও তিনি সরাসরি পুতিনের নাম নেননি।
ক্রিসমাসের সন্ধ্যায় দেওয়া ভাষণে জেলেনস্কি উল্লেখ করেন ইউক্রেনের এক প্রাচীন লোকবিশ্বাসের কথা, ‘ক্রিসমাসের রাতে আকাশ খুলে যায়’। সেই প্রসঙ্গ টেনেই তিনি বলেন, “প্রাচীন কাল থেকেই ইউক্রেনীয়দের বিশ্বাস, ক্রিসমাসের রাতে আকাশ খুলে যায়। আর সেই সময় যদি নিজের স্বপ্নের কথা বলা হয়, তা অবশ্যই পূরণ হয়। আজ আমাদের সকলের একটাই স্বপ্ন। আর আমরা একটাই কামনা করি, সবার জন্য, সে যেন ধ্বংস হয়।”
ক্রিসমাসের আগেই রুশ ক্ষেপণাস্ত্র হামলা
এই বক্তব্যের ঠিক আগেই, ক্রিসমাস ইভের আগে মঙ্গলবার ইউক্রেনের একাধিক অঞ্চলে বড়সড় ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট-এর রিপোর্ট অনুযায়ী, এই হামলায় তিন জনের মৃত্যু হয় এবং দেশজুড়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।
ক্রিসমাসেও ড্রোন আক্রমণ
শুধু আগের দিন নয়, ক্রিসমাসের দিনও হামলা চালায় রাশিয়া। ABC News জানায়, সেদিন ইউক্রেনের দিকে ১৩১টি ড্রোন ছোড়া হয়। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ড্রোন গুলি করে নামাতে সক্ষম হলেও, প্রায় ২২টি ড্রোন ১৫টি অঞ্চলে আঘাত হানে।
উৎসবের দিনে হামলা নিয়ে ক্ষোভ
ক্রিসমাসের মতো উৎসবের সময় এই হামলা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন জেলেনস্কি। পাশাপাশি, রাশিয়া আদৌ শান্তি চায় কিনা, সেই প্রশ্নও তোলেন তিনি।
জেলেনস্কি তীব্র আক্রমণ শানিয়ে বলেন, “ক্রিসমাসের প্রাক্কালে রাশিয়ারা আবারও দেখিয়ে দিল, তারা আসলে কী। ব্যাপক গোলাবর্ষণ, শত শত ‘শাহেদ’ ড্রোন, ব্যালিস্টিক মিসাইল - সবকিছুই ব্যবহার করা হয়েছে।”
লড়াই চালিয়ে যাওয়ার ডাক
এই পরিস্থিতিতে ইউক্রেনবাসীর উদ্দেশে দৃঢ় থাকার আহ্বান জানান প্রেসিডেন্ট। তিনি কৃতজ্ঞতা জানান সেই সমস্ত মানুষদের প্রতি, যাঁরা নিজের জীবন বাজি রেখে দেশের স্বার্থ রক্ষা করেছেন।
জেলেনস্কি বলেন, “আমাদের সমস্ত শহিদ বীরদের জন্য, যাঁরা প্রাণ দিয়ে ইউক্রেনকে রক্ষা করেছেন। তাঁদের জন্য, যাঁদের রাশিয়া দখলদারির মধ্যে ঠেলে দিয়েছে, যাঁদের ঘরছাড়া হতে হয়েছে। যাঁদের পক্ষে সবকিছু কঠিন, তবু যাঁরা নিজেদের ভেতর থেকে ইউক্রেনকে হারাননি, আর তাই ইউক্রেনও কখনও তাঁদের হারাবে না। আজ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছি। অন্ধকারে আমরা পথ হারাব না।”