
ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 12 December 2025 15:30
দ্য ওয়াল ব্যুরো: এত চিন্তা-ভাবনা, এত কথা, তাতেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) থামার নাম গন্ধ নেই। সেই নিয়েই প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। হোয়াইট হাউসে (White House) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেছেন, গত এক মাসেই প্রায় ২৫ হাজার মানুষ, অধিকাংশই সেনা, এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন। তাঁর কথায়, “এ ভাবে রক্তপাত চলতে দেওয়া যায় না। আমি চাই অবিলম্বে এই হত্যা-যজ্ঞ বন্ধ হোক। আমরা সেই চেষ্টাই করছি।”
ট্রাম্পের অভিযোগ, রাশিয়া এবং ইউক্রেন (Russia Ukraine News)— কোনও পক্ষই আপস বা ছাড় দিতে রাজি নয়। আর এই অবস্থাই তাঁকে ক্রমশ “চরম বিরক্ত” করে তুলছে। মার্কিন প্রেসিডেন্ট (US President) সরাসরিই আশঙ্কা প্রকাশ করে বলেছেন, “এই ধরনের সংঘাত চলতে থাকলে শেষমেশ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাবে। আমি আগেও বলেছি সবাই যদি এমন খেলায় মেতে থাকে, তার পরিণতি ভয়ঙ্কর হবে।”
‘ফলহীন বৈঠকে ক্লান্ত’, দাবি হোয়াইট হাউসের
আগেই একাধিকবার যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। কিন্তু মস্কো-কিয়েভের কোনও পক্ষই ঢিলেমি দিচ্ছে না, ফলে তিনি কার্যত দর্শক হয়ে বসে থাকতে বাধ্য, এমনটাই মনে করছেন তাঁর ঘনিষ্ঠরা।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, প্রেসিডেন্ট এখন কেবল ক্ষুব্ধ নন, “ফলহীন কথাবার্তায় ক্লান্ত”। তাঁর কথায়, “প্রেসিডেন্ট আর শুধুই বৈঠক করতে চান না। তিনি যুদ্ধ বন্ধের জন্য বাস্তব পদক্ষেপ চাইছেন।”
লেভিট জানান, ট্রাম্প ইউরোপের বিভিন্ন নেতার সঙ্গে কথা বলেছেন। এ ছাড়া মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তাঁর দল নেপথ্যে রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষের সঙ্গেই আলোচনা চালিয়ে যাচ্ছেন।
চার বছরের যুদ্ধ— শেষ কোথায়?
২০২১ সালে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন সংঘাত চার বছর পার করে ফেললেও শান্তি আলোচনার কোনও দিগন্ত দেখা যাচ্ছে না। এই অবস্থায় ট্রাম্পের ক্ষোভ আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ওয়াশিংটনের অবস্থান স্পষ্ট, আর ‘টেবিল টক’ নয়, এবার চাই তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।