ভারত-পাকিস্তানের (India-Pakistan) যুদ্ধ ‘থামিয়ে’ দিয়েছেন তিনি—আবারও এই একই দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।
.jpeg.webp)
ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 21 June 2025 13:27
দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তানের (India-Pakistan) যুদ্ধ ‘থামিয়ে’ দিয়েছেন তিনি—আবারও এই একই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবং সেই ‘কৃতিত্বের’-এর জন্য নোবেল (Nobel Prize) শান্তি পুরস্কার না পাওয়ার আক্ষেপও প্রকাশ করলেন। যদিও কয়েক দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) এই দাবি খারিজ করে ট্রাম্পকে স্পষ্ট করে জানিয়ে দেন, যুদ্ধবিরতির বিষয়ে আমেরিকার সঙ্গে কোনও আলোচনাই হয়নি।
তবুও নিজের বক্তব্যে অনড় ট্রাম্প। শুক্রবার নিজের ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি দীর্ঘ পোস্টে তিনি লেখেন, "আমি ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি, তাও আমি নোবেল শান্তি পুরস্কার পাব না। আমি যা-ই করি না কেন, আমাকে কেউ নোবেল দেবে না।”
ট্রাম্পের এই পোস্ট এমন এক সময় করা হয়েছে যখন পাকিস্তান সরকার ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য তাঁকে মনোনীত করেছে। অন্যদিকে ভারত একাধিকবার জানিয়ে এসেছে, গত মাসে পাক আগ্রাসনের প্রেক্ষিতে যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার ফল। তাতে কারও কোনও মধ্যস্থতার জায়গাই ছিল না। ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানের ভেতরে ঢুকে একাধিক বিমানঘাঁটি ও সামরিক ঘাঁটিতে হামলা চালায় ভারত, যার পরে ইসলামাবাদ আলোচনায় বসে।
অন্যদিকে, এদিন ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি ও বিদেশমন্ত্রী মার্কো রুবিওর মধ্যস্থতায় রুয়ান্ডা ও কঙ্গোর মধ্যে একটি শান্তিচুক্তি স্বাক্ষর হতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, “ওয়াশিংটনে সোমবার দুই দেশের প্রতিনিধিরা চুক্তিতে সই করবেন। এটা আফ্রিকার জন্য বড় দিন, বিশ্বের জন্য বড় দিন।”
তাঁর দাবি, তিনি সার্বিয়া ও কসোভোর যুদ্ধ থামিয়েছেন,মিশর ও ইথিওপিয়ার সংঘাত ঠেকিয়েছেন। শুধু তাই নয়, আরব দেশগুলির সঙ্গে ইজরায়েলের ‘আব্রাহাম চুক্তি’র সূচনাও হয়েছে তাঁরই হাত ধরে।
রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলাবলি করছেন, নিজেকে ট্রাম্প এক ‘শান্তিকর্তা’ হিসেবে তুলে ধরতে চাইছেন আগাম নির্বাচনের প্রচারে। যে কারণে উনি বলছেন, রাশিয়া-ইউক্রেন বা ইজরায়েল-ইরান সংকটের নিষ্পত্তিও তাঁর হাতেই সম্ভব। যদিও বাস্তবে কোনও যুদ্ধই এখনও বন্ধ হয়নি।
পোস্টের শেষে ট্রাম্প লিখেছেন, “নোবেল আমি পাব না, জানি। কিন্তু মানুষ জানে, আর আমার কাছে সেটাই যথেষ্ট।”