আসিম মুনিরের ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কা ভ্রমণ ভারতের কাছে বিশেষ বার্তা বলেও অনেকের ধারণা।

পাকিস্তানের ফিল্ড মার্শাল ও সেনাপ্রধান সৈয়দ আসিম মুনির। ফাইল ছবি।
শেষ আপডেট: 12 July 2025 14:24
দ্য ওয়াল ব্যুরো: একদিকে চরম আর্থিক সঙ্কট। অন্যদিকে, বালুচ বিদ্রোহীদের একের পর এক হামলা। এরই মাঝে ভারত-বিরোধী দৌত্য করতে আরাম-বিলাসবহুল ছুটিতে যাচ্ছেন পাকিস্তানের ফিল্ড মার্শাল ও সেনাপ্রধান সৈয়দ আসিম মুনির। বিশেষত, তাঁর এবারের সফরে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া এবং ভারত মহাসাগরীয় এলাকায় ভূ-রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। সেদিক থেকে আসিম মুনিরের ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কা ভ্রমণ ভারতের কাছে বিশেষ বার্তা বলেও অনেকের ধারণা।
বিলাসবহুল প্রমোদভ্রমণের জন্য ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কা গোটা পৃথিবীর আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। ভারতীয় তো বটেই হলিউডের বহু ছবিরও ক্যামেরা ডুব দেয় এই দুই দেশের সমুদ্রের অতলে। তাছাড়া, ভারতের সঙ্গে বৈরিতা টিকিয়ে রাখতে এবং নয়াদিল্লিকে চাপে রাখতে মুসলিম অধ্যুষিত ইন্দোনেশিয়া এবং ভারতের পায়ের কাছে নিঃশ্বাস ফেলা শ্রীলঙ্কার বন্ধুত্বও পাকিস্তানের কাছে অত্যন্ত কূটনৈতিক কৌশল হতে চলেছে।
শুধু রাজনৈতিক সফর নয়, আসিম মুনিরকে শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া দুই দেশই দিতে চলেছে রাজকীয় সম্মান, খাতির-যত্ন ও বিশাল অর্থব্যয়ের আড়ম্বর। যা সচরাচর কোনও শীর্ষ মন্ত্রী বা মন্ত্রিগোষ্ঠীকেও দেওয়া হয় না। ইন্দোনেশিয়া যাওয়ার আগে মুনির রাজকীয় বিলাসে মোড়া রাষ্ট্র শ্রীলঙ্কা যাচ্ছেন আগামী ২০-২৩ জুলাই।
মুনিরের ইন্দোনেশিয়া সফরের মূল কারণ হল, ভারত বিরোধিতায় এই মুসলিম রাষ্ট্রকে পাশে পাওয়া। কারণ, মে মাসের গোড়ার দিকে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন (OIC)-এর বৈঠকে কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে কঠিন অবস্থান গ্রহণে পাকিস্তানি তৎপরতা আটকে দিয়েছিল জাকার্তা সরকার। সেই কাজে ইন্দোনেশিয়াকে সঙ্গ দিয়েছিল মিশর ও বাহরিনও। সেই থেকে পাকিস্তান-ইন্দোনেশিয়া কূটনীতিক সম্পর্কে মরচে ধরে রয়েছে।
ইন্দোনেশিয়া দীর্ঘদিন ধরে ভারতবন্ধু সেজে থাকায় মুনির তা ভাঙানোর চেষ্টায় সেদেশের শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করে সম্পর্ক গলানোর খেলায় নামবেন। তার আগে শ্রীলঙ্কায় তিনি রাজার হালে ঘুরে বেড়াবেন। তাঁর জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে। স্বাগত জানাতে আসবে সেদেশের সেনার বাইক বাহিনী। এখানে সেখানে যেতে দেওয়া হবে বিশেষ হেলিকপ্টার। এবং অতুলনীয় খাতিরযত্নে তাঁকে দেশভ্রমণ করাবে শ্রীলঙ্কা সরকার। তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছে কলম্বোর সবথেকে দামি পাঁচতারা হোটেলে। উল্লেখ্য, সম্প্রতি ভারতের অপপ্রচারের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রচারে বেরনো মন্ত্রিগোষ্ঠীকেও এই হোটেলবাসের সুবিধা দেয়নি লঙ্কা সরকার।
শ্রীলঙ্কায় মুনির সেদেশের উপ প্রতিরক্ষামন্ত্রী, প্রতিরক্ষা সচিব এবং প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন। মুনির সেদেশের বিখ্যাত পর্যটনকেন্দ্র সিগিরিয়া রক দুর্গ ও অ্যাডামস পিক যাবেন। পিন্নাওয়ালা অনাথ হাতিদের সংরক্ষণ কেন্দ্র, টেম্পল অফ দ্য স্যাক্রেড টুথ রেলিক এবং ক্যান্ডির রয়্যাল বোটানিক গার্ডেন দেখতে যাবেন। তার জন্য থাকবে বিশেষ হেলিকপ্টার। প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই মুনিরকে আমেরিকার একটি বিশাল দামি মলে কেনাকেটা করতে দেখা গিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার আগের এই ছবি দেখেও সোশ্যাল মিডিয়া চমকে উঠেছিল।