ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও (Rajnath Singh) কড়া ভাষায় পাল্টা বার্তা দিয়েছেন। কেরলে এক অনুষ্ঠানে তিনি বলেন, “যে কোনও জঘন্য কাজের নজিরবিহীন জবাব দেওয়া হবে।” তিনি মনে করিয়ে দেন ২০২৫-এর এপ্রিলে পহেলগামে সন্ত্রাসী হামলার (Pahalgam terror attack) পর ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) কথা।

পাক প্রতিরক্ষামন্ত্রী
শেষ আপডেট: 5 April 2026 11:44
দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান সম্পর্ক (India-Pakistan Relation) ফের তপ্ত। সীমান্তের উত্তেজনা, সাম্প্রতিক হামলা এবং রাজনৈতিক বিবৃতির জেরে দুই দেশের মধ্যে আবারও চড়ছে সংঘাতের সুর। এই পরিস্থিতিতেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ (Pakistan’s Defence Minister Khawaja Asif) এক বিস্ফোরক মন্তব্য করে উত্তেজনা আরও বাড়িয়ে দিলেন। তাঁর দাবি, ভবিষ্যতে যুদ্ধ হলে সংঘাত আর সীমান্তে থেমে থাকবে না, ভারতীয় ভূখণ্ডের গভীরে পৌঁছে যাবে, এমনকি কলকাতাকেও টার্গেট করা হতে পারে।
শনিবার সিয়ালকোটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসিফ বলেন, “ভারত (India) যদি কোনও 'মিথ্যে, অযৌক্তিক' নাটক সাজায়, তাহলে আল্লাহর কসম, এবার আমরা সেটা কলকাতা পর্যন্ত নিয়ে যাব।” তাঁর অভিযোগ, ভারত নাকি নিজেদের লোক বা পাকিস্তানে (Pakistan) আটক কিছু ব্যক্তিকে ব্যবহার করে হামলার ছক করতে পারে, যাতে পাকিস্তানকে দোষী দেখানো যায়। তবে কোনও প্রমাণ তিনি দেননি।
এতেই শেষ নয়। আসিফ আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগের বারের মতো এবার ২০০–২৫০ কিলোমিটারের মধ্যেই সংঘাত সীমাবদ্ধ থাকবে না। আমরা তাদের ঘরে ঢুকে জবাব দেব।” পাকিস্তানের সেনারা অতীতে পূর্ব দিকে সংঘাত বিস্তারের ইঙ্গিত দিলেও, বাস্তবে কোনও সামরিক পরিবর্তনের প্রমাণ মেলেনি।
এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও (Rajnath Singh) কড়া ভাষায় পাল্টা বার্তা দিয়েছেন। কেরলে এক অনুষ্ঠানে তিনি বলেন, “যে কোনও জঘন্য কাজের নজিরবিহীন জবাব দেওয়া হবে।” তিনি মনে করিয়ে দেন ২০২৫-এর এপ্রিলে পহেলগামে সন্ত্রাসী হামলার (Pahalgam terror attack) পর ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) কথা, যেখানে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে অভিযান চালানো হয়েছিল।
পহেলগাম হামলার (Pahalgam terror attack) পর টানা চার দিন দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বহাল ছিল- মিসাইল, ড্রোন- সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। পাকিস্তানও পাল্টা হামলা চালায়, ফলে সংঘাতের পরিসর আরও বড় হয়।
সম্প্রতি আবার বিতর্ক বাড়িয়েছেন পাকিস্তানের প্রাক্তন হাইকমিশনার আব্দুল বাশিত। এক আলোচনায় তিনি বলেন, “আমেরিকা যদি পাকিস্তানকে আক্রমণ করে, তবে আমরা দ্বিধা না করে মুম্বই-দিল্লিতে আঘাত করব।” যদিও তিনি এটিকে কেবল ‘কাল্পনিক’ পরিস্থিতি বলেই উল্লেখ করেছেন।
এদিকে পাকিস্তানের পশ্চিম সীমান্তেও চাপ বাড়ছে। আফগানিস্তান অভিযোগ করেছে, পাকিস্তানি বাহিনী কাবুল, কান্দাহার ও পাকতিকা অঞ্চলে বিমান হামলা চালিয়েছে, যেখানে নাকি বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এই তথ্য নিশ্চিত যাচাই করা হয়নি।
আসিফের মন্তব্যে এখনও ভারতের তরফে কোনও প্রতিক্রিয়া নেই। তবে দুই দেশের কঠোর বার্তা-পালটা বার্তা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।