দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করেছে মার্কিন সেনা, এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শেষ আপডেট: 3 January 2026 15:55
দ্য ওয়াল ব্যুরো: ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করেছে মার্কিন সেনা, এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে দেশ থেকে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। একটু আগে তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘোষণা করেছেন। এর আগে ভেনেজুয়েলা (Venezuela) সরকার দেশে জরুরি অবস্থা জারি করে।

দেশটির নাগরিকেরা শুক্রবার রাত থেকেই নিজেদের গৃহবন্দি করে ফেলেছেন। শুক্রবার রাতে শুরু হয় বিমান হানার প্রস্তুতি। বিকট শব্দ করে একাধিক যুদ্ধ বিমান দেশটির আকাশে উড়তে দেখা যায়। কয়েক ঘন্টা পর ভেনেজুয়েলার আকাশে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
প্রেসিডেন্টকে মার্কিন সেনার আটক করার বিষয়ে ট্রাম্পের দাবি নিয়ে ভেনেজুয়েলা সরকার এখনও কোন প্রতিক্রিয়া দেয়নি। ওই দেশটি থেকে আমেরিকায় মাদক চোরা চালানোর অভিযোগ তুলে সেখানে বিমান হানার হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের অভিযোগ তাঁর দেশের মূল্যবান খনিজ সম্পদ কব্জা করতে মার্কিন প্রেসিডেন্ট মিথ্যা অভিযোগ তুলে হামলা করছে।