২০২৩ সালের জুন থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত মূল্যস্ফীতির হিসাব ধরেই এই ফি বৃদ্ধি করা হয়েছে। এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে কর্মসূত্রে বা পড়াশোনার জন্য আমেরিকায় থাকা বিদেশি নাগরিকদের উপর, যার বড় অংশই ভারতীয়।

ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 10 January 2026 12:20
দ্য ওয়াল ব্যুরো: এইচ-১বি (H1B Visa) সহ একাধিক মার্কিন ভিসা ও ইমিগ্রেশন সুবিধার ক্ষেত্রে প্রিমিয়াম প্রসেসিং ফি (Premium Processing Fee) বাড়ানোর ঘোষণা করল ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (USCIS)। নতুন ফি কার্যকর হবে আগামী ১ মার্চ থেকে।
ইউএসসিআইএস (USCIS) জানিয়েছে, ২০২৩ সালের জুন থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত মূল্যস্ফীতির হিসাব ধরেই এই ফি বৃদ্ধি করা হয়েছে। এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে কর্মসূত্রে বা পড়াশোনার জন্য আমেরিকায় থাকা বিদেশি নাগরিকদের উপর, যার বড় অংশই ভারতীয়।
নতুন হার অনুযায়ী, Form I-129-এর আওতায় H-2B বা R-1 ভিসার প্রিমিয়াম প্রসেসিং ফি বাড়ছে ১,৬৮৫ ডলার থেকে ১,৭৮০ ডলারে। অন্যদিকে, H-1B, L-1, O-1, P-1 এবং TN ভিসা-সহ অন্যান্য I-129 ক্যাটেগরির ক্ষেত্রে প্রিমিয়াম ফি বেড়ে হচ্ছে ২,৯৬৫ ডলার, যা আগে ছিল ২,৮০৫ ডলার। একই ভাবে, চাকরিভিত্তিক গ্রিন কার্ডের জন্য Form I-140 আবেদনেও প্রিমিয়াম প্রসেসিং ফি বাড়িয়ে ২,৯৬৫ ডলার করা হয়েছে।
ছাত্র ও অস্থায়ী ভিসাধারীদের ক্ষেত্রেও খরচ বাড়ছে। ফর্ম I-539-এর আওতায় F-1 ও F-2 পড়ুয়া, J-1 ও J-2 এক্সচেঞ্জ ভিজিটর এবং M-1 ও M-2 ভোকেশনাল স্টুডেন্টদের জন্য প্রিমিয়াম ফি বেড়ে হচ্ছে ২,০৭৫ ডলার, যা আগে ছিল ১,৯৬৫ ডলার। এছাড়াও, Form I-765-এর অধীনে কাজের অনুমতির দ্রুত প্রসেসিং ফি - যার মধ্যে OPT ও STEM-OPT পড়ে, বাড়িয়ে ১,৭৮০ ডলার করা হয়েছে।
ইউএসসিআইএস-এর দাবি, এই অতিরিক্ত রাজস্ব ব্যবহার করা হবে সংস্থার পরিষেবা উন্নত করতে, মামলা নিষ্পত্তির গতি বাড়াতে এবং দীর্ঘদিনের ব্যাকলগ কমাতে।
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের সবচেয়ে বড় প্রভাব পড়বে ভারতীয় নাগরিকদের উপর। কারণ এইচ-১বি ভিসা, চাকরিভিত্তিক গ্রিন কার্ড এবং OPT ব্যবস্থায় ভারতীয়রাই সংখ্যাগরিষ্ঠ। দ্রুত চাকরি বদল, ভিসা এক্সটেনশন কিংবা স্ট্যাটাস নিশ্চিত করতে প্রিমিয়াম প্রসেসিংয়ের উপর বহু ভারতীয় পেশাদার ও ছাত্র নির্ভর করেন।
বিশেষ করে আমেরিকার বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ভারতীয় ছাত্রদের কাছে OPT ও STEM-OPT দীর্ঘমেয়াদি এইচ-১বি ভিসার পথে গুরুত্বপূর্ণ সেতু। ফি বৃদ্ধির ফলে সেই পথ আরও ব্যয়বহুল হল বলেই মত সংশ্লিষ্ট মহলের।