আন্তর্জাতিক মহলের মতে, গত তিন বছরের মধ্যে আকাশপথে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে এটাই সবচেয়ে বড় হামলা।

হামলার
শেষ আপডেট: 2 June 2025 07:34
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি ইউক্রেনজুড়ে (Ukraine) একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল রাশিয়া (Russia)। এবার তার পাল্টা জবাব দিল ইউক্রেন। সংবাদ সংস্থা সূত্রের খবর, রবিবার রাশিয়ার চারটি বায়ুসেনা ঘাঁটি এবং দু’টি এয়ারফিল্ড লক্ষ্য একযোগে ড্রোন হামলা (Massive Drone Attack) চালিয়েছে ইউক্রেনের সিকিয়োরিটি সার্ভিস।
তাতে রাশিয়ার বোমারু বিমান Tu-95, Tu22M3 এবং A-50 বিমান-সহ ৪০টিরও বেশি রুশ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। পাল্টা জবাব দিতে ইতিমধ্যে বৈঠকে বসেছে রাশিয়া। আন্তর্জাতিক মহলের মতে, গত তিন বছরের মধ্যে আকাশপথে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে এটাই সবচেয়ে বড় হামলা।
এই হামলার বিষয়ে রাশিয়ার তরফে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে রাশিয়ার আর্কুস্তক এলাকার গভর্নর ইগর কোভজেভ সংবাদসংস্থার কাছে ইউক্রেনের হামলার কথা স্বীকার করে নিয়েছেন। জানা যাচ্ছে, রাশিয়ার পারমাণবিক অস্ত্রবাহী বিমানগুলি যেখানে রাখা হত সেই ওলেনা এয়ারবেসেও ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।
হামলার জেরে রাশিয়ার একাধিক সেনাঘাঁটিতে আগুন ধরে যায়। বেশ কয়েকটি জায়গায় বিস্ফোরণের ঘটনাও ঘটে। ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে তা ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, ড্রোন হামলার উৎসস্থল চিহ্নিত করে সেগুলিকে নিষ্ক্রিয় করেছে রুশ সেনা। আপাতত ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সরানো হচ্ছে আহত সেনা এবং আমজনতাকে।
গত শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ইউক্রেনজুড়ে রাশিয়া ৩৬৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলায় রাজধানী কিয়েভ-সহ একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছিল, তারা ২৬৬টি ড্রোন ও ৪৫টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করলেও বেশ কয়েকটি ইউক্রেনের মাটিতে পড়েছে। হামলায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছিল। জখম হয়েছিলেন বহু মানুষ। এবার রাশিয়াকে পাল্টা জবাব দিল ইউক্রেন।