তামিলনাড়ুর ডিএমকে নেত্রী কানিমোঝি নেতৃত্বাধীন প্রতিনিধিদল মস্কোর আকাশে আটকে পড়ে।

মস্কোয় স্বাগত জানানো হচ্ছে ডিএমকে নেত্রী কানিমোঝিকে।
শেষ আপডেট: 23 May 2025 13:34
দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুর নিয়ে বিশ্বসফরে যাওয়া ভারতীয় সংসদীয় প্রতিনিধিদল ফ্যাসাদে পড়ল রাশিয়ার রাজধানী মস্কো বিমানবন্দরে অবতরণের সময়। তামিলনাড়ুর ডিএমকে নেত্রী কানিমোঝি নেতৃত্বাধীন প্রতিনিধিদল মস্কোর আকাশে আটকে পড়ে। ইউক্রেনের ছোড়া ড্রোনে আপৎকালীন পরিস্থিতি মস্কো বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল। তার জেরে কয়েক ঘণ্টা আকাশে চরকিপাক খেতে থাকে ভারতীয় প্রতিনিধিদলের বিমান।
প্রসঙ্গত, দুদিন আগেই তৃণমূলের প্রতিনিধিদল পহলগাম কাণ্ডের পর কাশ্মীর সফরে যাওয়ার পথে আকাশে ঘূর্ণিঝড়ের মুখে পড়ে। কিন্তু পাইলটের তৎপরতায় কোনওরকমে সেই বিমান অবতরণ করে শ্রীনগর বিমানবন্দরে। ওই প্রতিনিধিদলে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন, মমতাবালা ঠাকুর, সাগরিকা ঘোষ সহ পাঁচজন। সেদিন তাঁরাও প্রায় মৃত্যুমুখ থেকে ফিরে এসেছিলেন। বিমানটির বিশাল ক্ষতি হলেও প্রায় ২০০ যাত্রীর প্রাণরক্ষা করেন পাইলট।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই ভারতীয় দল পাকিস্তান বিরোধী প্রচারে দূত পাঠিয়েছে মস্কো প্রশাসনের কাছে। কিন্তু, বিমান নামার আগে আচমকা ড্রোন আক্রমণের মুখে পড়ে মস্কো বিমানবন্দর। যার জেরে বন্ধ করে দেওয়া হয় উড়ানের ওঠানামা। ফলে ভারতীয় প্রতিনিধিদের বিমানটিও আকাশে ঘুরপাক খেতে থাকে নামার অনুমতি না পেয়ে। এই অপ্রত্যাশিত ঘটনায় একদিকে আতঙ্ক ও অন্যদিকে নামতেও দেরি হয়ে যায়।
কয়েক ঘণ্টা পর বিমানটি অবতরণের অনুমতি পায়। রাশিয়াস্থিত ভারতীয় দূতাবাস কর্মীরা সর্বদল প্রতিনিধিদের স্বাগত জানাতে এসেছিলেন। সেখান থেকে তাঁদের হোটেলে নিয়ে যাওয়া হয় নিরাপদেই।কানিমোঝির প্রতিনিধিদল রাশিয়া হয়ে যাবে স্পেন, গ্রিস, স্লোভেনিয়া ও লাটভিয়ায়। প্রতিনিধিদলে রয়েছেন, সমাজবাদী পার্টির রাজীব রাই, ন্যাশনাল কনফারেন্সের মিঞা আলতাফ আহমেদ, বিজেপির ব্রিজেশ চোওতা, আরজেডির প্রেমচাঁদ গুপ্তা, আম আদমি পার্টির অশোককুমার মিত্তাল এবং প্রাক্তন কূটনীতিক মনজিব এস পুরী ও জাভেদ আশরাফ। শুক্রবারই রাশিয়ার পার্লামেন্ট দুমার সদস্য ও বিদেশ মন্ত্রকের কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রতিনিধিদের। শনিবার স্লোভেনিয়ার উদ্দেশে রওনা দেওয়ার আগে ভারতীয় প্রতিনিধিরা সাংবাদিক সম্মেলন করবেন।