চিনের সঙ্গে বাণিজ্য চুক্তি করলে ক্যানাডার পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফাইল চিত্র
শেষ আপডেট: 25 January 2026 08:12
দ্য ওয়াল ব্যুরো: আগেই কানাডার পণ্যের উপর শুল্ক আরোপের পথে হেঁটেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এর আগেও একাধিকবার কানাডা ও সেই দেশের প্রধানমন্ত্রী মার্ক কর্নিকে সরাসরি নিশানা করেছেন তিনি। এ বার চিনের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে হাঁটছে কানাডা, আর তার আগেই কড়া হুঁশিয়ারি দিলেন ট্রাম্প (Canada China Trade)।
চিনের সঙ্গে কোনও বাণিজ্য চুক্তি হলে, তাৎক্ষণিকভাবে আমেরিকায় প্রবেশ করা সমস্ত ক্যানাডিয়ান পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শনিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই হুঁশিয়ারি দেন তিনি।
এর আগে ডাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের মঞ্চে দাঁড়িয়ে নাম না করে ট্রাম্পের আগ্রাসী নীতির সমালোচনা করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কর্নি। পাশাপাশি, গ্রিনল্যান্ডে আমেরিকার ‘গোল্ডেন ডোম’ তৈরির প্রস্তাবেরও তীব্র বিরোধিতা করেছিল কানাডা। এই ঘটনার পর থেকেই কানাডার বিরুদ্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন ট্রাম্প।
ট্রাম্পের দাবি, আমেরিকার কাছ থেকে বহু সুবিধা পেয়ে থাকে কানাডা, তাই তাদের কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু সেই কানাডাই এখন চিনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির পথে এগোচ্ছে, যা ট্রাম্পের মতে ‘চরম ভুল সিদ্ধান্ত’।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, চিনের জন্য পণ্য পাঠাতে কানাডাকে যদি ‘ড্রপ অফ পোর্ট’ হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেন মার্ক কর্নি, তবে তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে। তাঁর দাবি, চিন কানাডাকে ‘গিলে খেয়ে ফেলবে’। এই গ্রাসের মধ্যে থাকবে কানাডার ব্যবসা, সামাজিক পরিকাঠামো এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ধ্বংস।
ট্রাম্প স্পষ্ট করে জানান, চিনের সঙ্গে কোনও চুক্তি হলে সঙ্গে সঙ্গে আমেরিকায় আসা কানাডার সমস্ত পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক বসানো হবে।
উল্লেখ্য, ‘নতুন কৌশলগত অংশীদারিত্ব’-এর অংশ হিসেবে চিনের সঙ্গে বাণিজ্য চুক্তির কথা আগেই জানিয়েছিল কানাডা। এই চুক্তির মাধ্যমে আমেরিকার উপর নির্ভরতা কমানোর বার্তাও দেন সে দেশের প্রধানমন্ত্রী মার্ক কর্নি। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পরেই তিনি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
কর্নি জানান, বাণিজ্য সংক্রান্ত বাধা কমানো এবং শুল্ক হ্রাস করার লক্ষ্যেই দুই দেশ একটি প্রাথমিক হলেও গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তি অনুযায়ী, মাত্র ৬.১ শতাংশ শুল্ক দিয়ে চিন থেকে প্রায় ৪৯ হাজার বৈদ্যুতিন গাড়ি আমদানি করবে কানাডা।
এই বাণিজ্য চুক্তির প্রসঙ্গ সামনে আসার পরেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বোর্ড অফ পিস’ থেকে কানাডার নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছে।