ইলন মাস্কের সঙ্গে সম্পর্কের অবনতি ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে হুমকি দিলেন—সরকারি চুক্তি বাতিল করাই বাজেট বাঁচানোর সবচেয়ে সহজ পন্থা।

ট্রাম্প ও মাস্কের দ্বন্দ্ব।
শেষ আপডেট: 6 June 2025 07:35
দ্য ওয়াল ব্যুরো: ইলন মাস্কের বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাস্কের সঙ্গে সম্পর্কের অবনতির প্রেক্ষিতে বৃহস্পতিবার প্রেসিডেন্ট হুমকি দিয়েছেন, তার সরকার মাস্কের সংস্থাগুলোর সঙ্গে থাকা সরকারি চুক্তি ও ভর্তুকি বাতিল করে দিতে পারে। ট্রাম্পের ভাষায়, 'বাজেট বাঁচানোর সবচেয়ে সহজ উপায় হল ইলনের সরকারি চুক্তি ও ভর্তুকি শেষ করে দেওয়া।'
ট্রাম্প নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি আরও লেখেন, 'আমি বরাবরই অবাক হতাম, কেন বাইডেন এটা করেননি!'
বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মাস্কের সঙ্গে ট্রাম্পের বন্ধুত্ব তৈরি হয়েছিল ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে থেকে।এই বন্ধুত্ব যেমন হঠাৎই তৈরি হয়েছিল, তেমনই তা ভেঙেও পড়েছে দ্রুত, আচমকা। এখন সবটা প্রকাশ্যেও চলে এসেছে।
বৃহস্পতিবার জার্মানির নেতার সঙ্গে ওভাল অফিসে বসে ট্রাম্প বলেন, 'আমি মাস্কের ওপর খুব হতাশ। ওর জন্য আমি অনেক কিছু করেছি।' মাস্ক পাল্টা উত্তর দেন নিজের সোশ্যাল মিডিয়ায়, 'ট্রাম্প যদি আমার সাহায্য না পেতেন, তাহলে উনি কখনওই নির্বাচনে জিততেন না। ...এত অকৃতজ্ঞতা!'
মাস্ক ট্রাম্পের সুন্দর বিল বা 'Big Beautiful Bill' অর্থাৎ বিশাল করের ছাড় ও খরচ হ্রাসের পরিকল্পনার কড়া সমালোচনা করেছেন। ট্রাম্পের মতে, মাস্কের মূল সমস্যা হল নতুন বিলের মাধ্যমে বৈদ্যুতিক গাড়ির জন্য থাকা করের ছাড় কমিয়ে দেওয়া হয়েছে। তবে মাস্ক দাবি করেন, 'এই বিল আমাকে একবারও দেখানো হয়নি। এটা গভীর রাতে এত দ্রুত পাস করা হয়েছে যে কংগ্রেস সদস্যদের পড়ারও সময় দেওয়া হয়নি।'
মাস্ক বলেন, এই বিলটি থেকে হয়তো খানিকটা ব্যয় সংকোচ হতে পারে, তবে 'এই পাহাড়প্রমাণ জঘন্য অপচয় বাদ দেওয়া উচিত।' কংগ্রেসনাল বাজেট অফিসের বিশ্লেষণ অনুসারে, বিলটি আগামী দশকে ২.৪ ট্রিলিয়ন ডলার ঘাটতি বাড়াবে এবং প্রায় ১ কোটি ৯ লক্ষ মানুষ স্বাস্থ্যবিমা থেকে বাদ যাবেন।
ট্রাম্পের সঙ্গে সম্পর্ক শুরুর প্রথম দিন থেকেই মাস্ক তাঁর অন্যতম ঘনিষ্ঠ পরামর্শদাতা হয়ে ওঠেন। ট্রাম্পের শপথগ্রহণে মাস্ক তাঁর পাশে দাঁড়ান, মার-আ-লাগো ক্লাবে একসঙ্গে কাটান ছুটি, এমনকি হোয়াইট হাউসের ‘লিঙ্কন বেডরুম’-এও মাস্ক থাকেন প্রেসিডেন্টের আমন্ত্রণে। তাঁকে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে দেখা গেছে ‘মাগা’ টুপি পরে, কখনও একটির বদলে দু'টি টুপিও!
তবে সবই অতীত। হোয়াইট হাউসে এক সপ্তাহ আগেই সংক্ষিপ্ত বিদায়ী খবর জানান মাস্ক। সেদিন তাঁর চোখের তলায় কালো দাগ দেখে কৌতূহল ঘনিয়েছিল সব মহলে। মাস্ক বলেছিলেন, দাগটি তাঁর ছেলের জন্য হয়েছে, তবে সেটি যেন তাঁর সরকারি জীবনের জটিলতারও প্রতীক হয়ে উঠেছে।
এখন এই বিতর্কিত বিলের আরও একটি সমস্যার দিক হল, মাস্কের প্রস্তাবিত ব্যক্তি জারেড আইজ্যাকম্যান, যিনি স্পেস ফ্লাইট কোম্পানি পরিচালনা করেন, তাঁকে নাসার দায়িত্বে বসানোর প্রস্তাব ট্রাম্প বাতিল করেছেন। ট্রাম্প বলেন, 'ও পুরোপুরি ডেমোক্র্যাট ঘরানার। উপযুক্ত নয় এ কাজের।'
ট্রাম্পের প্রতিক্রিয়ায় মাস্ক পুরনো একটি টুইট তুলে ধরেন, যেখানে রিপাবলিকানদের অতিরিক্ত খরচের সমালোচনা করেছিলেন ট্রাম্প নিজেই। মাস্ক লেখেন, 'এই কথাগুলো যিনি লিখেছিলেন, তিনি কোথায়? তাঁকে কি বদলে দেওয়া হয়েছে?'
ট্রাম্প যদিও মাস্কের সমালোচনায় বলেন, 'অনেক সময় যাঁরা প্রশাসন ছাড়েন, তাঁরা ফিরে যেতে চাইলেও পারেন না, তখন উল্টো আক্রমণাত্মক হয়ে ওঠেন। এটাকে ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিনড্রোমও বলা হয়।'
পাশাপাশি ট্রাম্প স্পষ্ট করে দে, এখন তিনি মাস্ককে আর বিশ্বাস করেন না। বলেন, 'দেখো, আমাদের দারুণ সম্পর্ক ছিল। আর থাকবে কিনা, জানি না।'
যদিও মাস্ক ট্রাম্পের নির্বাচনী প্রচারে প্রায় ২৫০ মিলিয়ন ডলার খরচ করেছিলেন, এমনকি পেনসিলভানিয়ায় প্রতিদিন ১ মিলিয়ন ডলারের ভোটার ক্যাম্পেনও চালিয়েছিলেন। এখন তাঁদের সম্পর্কের চূড়ান্ত ভাঙন রিপাবলিকানদের ভবিষ্যৎ অনুদান সংগ্রহেও বড় প্রশ্ন তুলে দিয়েছে।