কয়েক মাস আগে ট্রাম্প ভারতীয় কিছু পণ্যে ৫০ শতাংশ শুল্ক বাড়িয়ে দেন। তাঁর দাবি ছিল, ভারত আমেরিকান পণ্যের ওপর শুল্ক রেখে বৈষম্য করছে এবং রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে না।

ফাইল ছবি
শেষ আপডেট: 9 December 2025 09:11
দ্য ওয়াল ব্যুরো: কম দামে বিদেশি কৃষিপণ্য ঢুকে পড়ায় ক্ষুব্ধ মার্কিন চাষিরা। তাঁদের অভিযোগের পরই ভারতীয় চাল (Indian Rice in US Market) ও কানাডার সারের উপর নতুন শুল্ক আরোপের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। হোয়াইট হাউসে চাষিদের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, মার্কিন বাজারে যে দেশগুলো কম দামে পণ্য ঢুকিয়ে স্থানীয় উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করছে, তাদের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকায় কৃষকদের (US Farmers) জন্য ১২ বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা করতে গিয়ে ট্রাম্প (Donald Trump) সরাসরি বলেন, ভারত, চিন এবং থাইল্যান্ড থেকে কম দামে চাল আমদানির অভিযোগ তদন্ত করে দেখা হবে। কৃষকরা বৈঠকে দাবি করেছেন, ভর্তুকির সাহায্যে বিদেশি চাল আমেরিকার বাজারে সস্তায় ঢুকছে, ফলে দেশীয় চালের দাম পড়ে যাচ্ছে।
এক মার্কিন চাল মিলের প্রধান মেরিল কেনেডি জানান, ভারত (India), থাইল্যান্ড এবং চিন সবচেয়ে বড় 'অপরাধী'- কারণ তারা খুব কম দামে চাল পাঠাচ্ছে। তাঁর আরও অভিযোগ, চিনের চাল সরাসরি মূল ভূখণ্ডে না গিয়ে পুয়ের্তো রিকোতে ঢুকছে, যেখানে আমেরিকান চাল বহু বছর ধরেই যাচ্ছে না। এর ফলে দক্ষিণ আমেরিকার চাষিরা বড় সমস্যায় পড়েছেন।
কৃষকদের অভিযোগ শোনার পর ট্রাম্প বলেন, "ওরা প্রতারণা করছে।" তিনি সঙ্গে সঙ্গে অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে নির্দেশ দেন, কোন কোন দেশ কম দামে চাল পাঠাচ্ছে তা নোট করে রাখতে। যখন কেনেডি ব্যাখ্যা করছিলেন ভারত কীভাবে ভর্তুকি দিয়ে চাল রফতানি করে, ট্রাম্প মাঝপথেই বলে ওঠেন, "নামগুলো বলুন, স্কট লিখে নিন।"
চাষিদের আশ্বস্ত করে ট্রাম্প জানিয়েছেন, বিষয়টি দ্রুত খতিয়ে দেখা হবে এবং আমেরিকার পক্ষে যা দরকার তা করবেন। সেই সঙ্গে কানাডার সার আমদানির উপরও ‘ভারী শুল্ক’ বসানোর কথা উল্লেখ করেন ট্রাম্প, যাতে মার্কিন সার শিল্প আরও শক্তিশালী হয়।
এদিকে ভারত ও কানাডা সাম্প্রতিক মাসগুলোতে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনায় গতি আনার চেষ্টা করছে। কিন্তু এখনও তেমন অগ্রগতি নেই। কয়েক মাস আগে ট্রাম্প ভারতীয় কিছু পণ্যে ৫০ শতাংশ শুল্ক বাড়িয়ে দেন। তাঁর দাবি ছিল, ভারত আমেরিকান পণ্যের ওপর শুল্ক রেখে বৈষম্য করছে এবং রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে না।
অন্যদিকে, দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা (India-US Trade Deal) আবার শুরু করতে ১০ ও ১১ ডিসেম্বর ভারত সফরে আসছেন মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভের ডেপুটি ইউএসটিআর রিক সুইৎজার। ভারতের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল। বছরের শেষের আগে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম দফা চূড়ান্ত করার লক্ষ্য নিয়েই এই বৈঠক হবে।