মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুবই গোপনে একটি শান্তিচুক্তি অনুমোদন করেছেন বলে জানা গিয়েছে।

শান্তিচুক্তি কার্যকর হলে, রাশিয়া-ইউক্রেনের মধ্যে দীর্ঘ কয়েক বছর ধরে চলা সংঘর্ষের অবসান হবে।
শেষ আপডেট: 20 November 2025 10:08
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কি শেষ হতে চলেছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুবই গোপনে একটি শান্তিচুক্তি অনুমোদন করেছেন বলে জানা গিয়েছে। এই শান্তিচুক্তি কার্যকর হলে, রাশিয়া-ইউক্রেনের মধ্যে দীর্ঘ কয়েক বছর ধরে চলা সংঘর্ষের অবসান হবে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ, এই সপ্তাহেই ট্রাম্প অত্যন্ত গোপনে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ২৮ দফা একটি শান্তিচুক্তি অনুমোদন করেছেন।
বিদেশি সংবাদমাধ্যম এনবিসি নিউজ এই খবর জানিয়েছে। প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উদ্ধৃত করে খবরে বলা হয়েছে, এই শান্তিচুক্তির অনুমোদন পর্ব হয়েছে অত্যন্ত গোপনে। দুদেশের শীর্ষ প্রশাসনিক অফিসার ও ট্রাম্পের প্রশাসনের শীর্ষ আধিকারিকরা মিলে এই ২৮ দফা চুক্তি রূপায়ণ করেছেন। গত কয়েক সপ্তাহ ধরে আলোচনার ভিত্তিতে দুদেশ এই চুক্তির ব্যাপারে সহমত হয়েছে। খুব সাবধানে ও ধীরে ধীরে এই চুক্তিটি গড়ে উঠেছে।
সংবাদে আরও জানা গিয়েছে, ইউক্রেনীয় অফিসারদের সঙ্গে ওই আলোচনায় ছিলেন রুশ দূত কিরিল দিমিত্রিয়েভ। এই চুক্তিটির উৎস হল ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা গাজা শান্তিচুক্তি। সেখান থেকেই এই নতুন চুক্তির রূপরেখা তৈরি করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও মার্কিন প্রশাসনিক কর্তাব্যক্তি এই চুক্তি নিয়ে মুখ খুলতে রাজি হননি। সকলেই জানিয়েছেন, এটি প্রাথমিক আলোচনার স্তরে রয়েছে, পূর্ণাঙ্গ রূপ পায়নি।
মার্কিন প্রশাসনের তিন আধিকারিক বলেন, এই চুক্তির খসড়া এখনও ইউক্রেনীয় নেতাদের কাছে পৌঁছয়নি। ইউক্রেনে মার্কিন সেনা প্রতিনিধিদল যাওয়ার কথা রয়েছে। এই দল পৌঁছনোর পর খসড়া চুক্তিটি চূড়ান্ত রূপ পাবে বলে আশা করা হচ্ছে। বুধবার সকালেই মার্কিন প্রতিনিধিদল ইউক্রেনের কিয়েভে পৌঁছেছে। এই আলোচনায় সামরিক কৌশল ও প্রযুক্তি আলোচনা এবং শান্তি প্রক্রিয়া রূপায়ণ নিয়ে কথা হবে। যদি শেষমেশ শান্তিচুক্তিতে একমত হয়ে যুদ্ধাবসান ঘটে, তাহলে প্রায় সাড়ে তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের অবনতি ঘটবে বলে আশায় বুক বেঁধে রয়েছেন সকলে।