এই মন্তব্য এমন সময় এসেছে, যখন কয়েক দিন আগেই ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ‘অপারেশন সিঁদুর’-কে আখ্যা দিয়েছেন '৮৮ ঘণ্টার ট্রেলার' হিসেবে। তাঁর কথায়, প্রয়োজনে ভারত পাকিস্তানকে যথাযথ আচরণ শেখাতে প্রস্তুত।

খওয়াজা আসিফ
শেষ আপডেট: 20 November 2025 09:48
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানকে (Pakistan) লক্ষ্য করে ফের ভারত যুদ্ধ ঘোষণা করতে পারে! সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী খওয়াজা আসিফ (Khawaja Asif) এই বিষয়টি নিয়েই যে উদ্বেগে রয়েছে তা তাঁর সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্পষ্ট। তিনি জানিয়েছেন, ভারতকে (India) কোনও ভাবেই বিশ্বাস করা যায় না! তবে পরিস্থিতি উত্তপ্ত হলে এবং ‘সর্বাত্মক যুদ্ধ’-এর (All Out War) সম্ভাবনা তৈরি হলে পাকিস্তানও যে পিছু হটবে না, এ কথাও বলেছেন তিনি।
পাক মন্ত্রীর বক্তব্য, ভারত কখন কী করে বসে তার কোনও ঠিক নেই। তাই ইসলামাবাদ (Islamabad) এখন সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করে রয়েছে। স্থানীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ বলেন, “আমরা ভারতকে উপেক্ষা করছি না, আবার এক মুহূর্তের জন্যও বিশ্বাসও করছি না। আমার বিশ্লেষণ অনুযায়ী, সীমান্ত লঙ্ঘন হোক বা অন্য কোনও কৌশল - ভারতের তরফে বড়সড় হামলার (Indian Attack) সম্ভাবনা রয়েছেই। তাই আমাদের সতর্ক থাকতেই হবে।”
এই মন্তব্য এমন সময় এসেছে, যখন কয়েক দিন আগেই ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (Indian Army Chief Upendra Dwivedi) ‘অপারেশন সিঁদুর’-কে (Operation Sindoor) আখ্যা দিয়েছেন '৮৮ ঘণ্টার ট্রেলার' হিসেবে। তাঁর কথায়, প্রয়োজনে ভারত পাকিস্তানকে যথাযথ আচরণ শেখাতে প্রস্তুত।
দুই দেশের এই কথার লড়াইয়ের পেছনে রয়েছে এ বছরের ধারাবাহিক সন্ত্রাসমূলক ঘটনা। ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণে (Red Fort Blast) ১৫ জনের মৃত্যু হয়, তার আগে জম্মু-কাশ্মীরের পহেলগামের হামলা (Pahalgam Attack) তো রয়েছেই।
গত কয়েক সপ্তাহে নিজস্ব অবস্থান আরও কঠোর করেছেন আসিফ। তিনি দাবি করেছেন, পাকিস্তান একইসঙ্গে পূর্ব (ভারত) এবং পশ্চিম (আফগানিস্তান) সীমান্তে হুমকি মোকাবিলায় প্রস্তুত। তাঁর ভাষায়, “যদি ওরা ফাইনাল রাউন্ড চায়, তবে আমাদের কাছে যুদ্ধ ছাড়া উপায় থাকবে না।” এই পরিস্থিতি ঘিরে পাকিস্তান-আফগানিস্তান সম্পর্কও (Pakistan Afghanistan Conflict) টানটান। অক্টোবর মাসে সীমান্তে দু’পক্ষের সংঘর্ষে হতাহত হন বহু মানুষ। তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় ১৯ অক্টোবর অস্থায়ী যুদ্ধবিরতি হলেও উত্তেজনা অব্যাহত।
ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানে আশ্রয় নিয়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে ভারতের মদতপুষ্ট বাহিনী! তাই পাকিস্তান ক্রস-বর্ডার এয়ারস্ট্রাইক চালায়। পাল্টা প্রতিক্রিয়া জানায় তালিবান শাসন। যদিও তালিবান জানিয়েছে, আফগানিস্তান থেকে পাকিস্তানে হামলার অভিযোগ মিথ্যা এবং তারা কোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না।
এই প্রেক্ষাপটে আসিফ দাবি করেছেন, আফগানিস্তান থেকে পাকিস্তানের উপর যে আক্রমণ হচ্ছে, তার পিছনে ভারতের ভূমিকা রয়েছে। তাঁর বক্তব্য, ভারতের উদ্দেশ্যই হল ইসলামাবাদ–কাবুল সম্পর্ককে অশান্ত রাখা।