গত শুক্রবার আলাস্কার একটি এয়ারবেসে তিন ঘণ্টারও বেশি সময় ধরে ট্রাম্প ও পুতিনের বৈঠক হয়।

ভ্লাদিমির পুতিন - ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 17 August 2025 20:35
দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠক হয়েছে কয়েকদিন আগে। তারপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণায় শুরু হয়েছে জল্পনা।
রবিবার, আজ নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লিখেছেন, ‘রাশিয়ার প্রেক্ষিতে বড় অগ্রগতি।’ (“BIG PROGRESS ON RUSSIA. STAY TUNED!”) তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।
গত শুক্রবার আলাস্কার একটি এয়ারবেসে তিন ঘণ্টারও বেশি সময় ধরে ট্রাম্প ও পুতিনের বৈঠক হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর এই প্রথম পশ্চিমের মাটিতে পা রাখলেন পুতিন। যদিও বৈঠকের পর কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে দুই নেতা পরস্পর সম্পর্কে উষ্ণ মন্তব্য করেছেন।
মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ রবিবার জানিয়েছেন, এই বৈঠকে ট্রাম্প ও পুতিন ইউক্রেনের জন্য ‘দৃঢ় নিরাপত্তা নিশ্চয়তা’তে একমত হয়েছেন। সিএনএন-কে উইটকফ বলেন, “আমরা এমন সব নিরাপত্তা নিশ্চয়তায় একমত হয়েছি, যাকে আমি গেম-চেঞ্জিং বলতে পারি।”
রয়টার্স সূত্রে খবর, বৈঠকে আলোচনার অংশ ছিল রাশিয়া যেন ইউক্রেনের দখল করা কয়েকটি ছোট অঞ্চল ছেড়ে দেয়, এর বদলে ইউক্রেন পূর্বাঞ্চলের একটি সুরক্ষিত ভূখণ্ড রাশিয়ার হাতে তুলে দেবে এবং অন্য ফ্রন্টলাইন স্থগিত রাখা হবে।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতারা সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। এই সফরে জেলেনস্কির সঙ্গে থাকবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনও নিশ্চিত করেছেন যে জেলেনস্কির অনুরোধে তিনি এই বৈঠকে যোগ দেবেন।