দুই রাষ্ট্রনেতার এই সাক্ষাৎই ছিল ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে প্রথম আমেরিকা-রাশিয়া শীর্ষ সম্মেলন।

ফাইল ছবি
শেষ আপডেট: 16 August 2025 17:54
দ্য ওয়াল ব্যুরো: আলাস্কায় ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে তিন ঘণ্টার বৈঠকের পর ইউক্রেন যুদ্ধ (Ukraine War) নিয়ে অবস্থান পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শনিবার তিনি বলেন, ‘‘ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে সরাসরি শান্তি চুক্তিতে পৌঁছনো। শুধু যুদ্ধবিরতির চুক্তি নয়, কারণ তা প্রায়ই টেকে না।’’ বস্তুত, দুই রাষ্ট্রনেতার এই সাক্ষাৎই ছিল ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে প্রথম আমেরিকা-রাশিয়া শীর্ষ সম্মেলন।
জেলেনস্কির সতর্ক বার্তা
ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তাঁর দেশ ‘‘গঠনমূলক আলোচনায়’’ রাজি। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ইউক্রেনের সার্বভৌমত্বের প্রশ্নে কোনও আপস চলবে না।
জেলেনস্কির কথায়, ‘‘স্থায়ী শান্তি চাই, শুধু যুদ্ধের বিরতি নয়। হত্যালীলা বন্ধ করতে হবে, বন্দি ও অপহৃত শিশুদের ফেরত আনতে হবে। ইউরোপ ও আমেরিকার সুরক্ষা নিশ্চয়তা থাকা চাই।’’ তিনি আরও সতর্ক করে বলেন, যদি রাশিয়া সৎভাবে যুদ্ধ শেষ করতে না চায়, তবে মস্কোর উপর নিষেধাজ্ঞা আরও জোরদার করা উচিত।
পুতিনের অবস্থান অপরিবর্তিত
সম্মেলনের পর পুতিন যদিও জেলেনস্কি বা তিনপক্ষীয় বৈঠকের প্রসঙ্গ আনেননি। তিনি জানান, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া কাজ করতে রাজি, তবে তার জন্য কিয়েভ এবং ইউরোপের রাজধানীগুলিকে ‘‘গঠনমূলক ভূমিকা’’ নিতে হবে।
ট্রাম্পের ইঙ্গিতপূর্ণ বার্তা
একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সীমান্ত সমঝোতা ও নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হয়েছে। তাঁর দাবি, ‘‘আমরা প্রায় একটা চুক্তির কাছাকাছি পৌঁছেছি। তবে ইউক্রেনকে রাজি হতে হবে। না-ও হতে পারে।’’ জেলেনস্কিকে তাঁর পরামর্শ, ‘‘চুক্তি করতেই হবে।’’
যুদ্ধক্ষেত্রে অবশ্য লড়াই থামেনি। ইউক্রেন দাবি করেছে, রাতভর তারা ডজনখানেক রুশ ড্রোন গুঁড়িয়ে দিয়েছে। পাল্টা রাশিয়ার দাবি, তারা ইউক্রেনের ২৯টি ড্রোন নামিয়েছে।
সম্মেলনের শেষে ট্রাম্প পুতিনকে বলেন, ‘‘খুব শিগগিরই আবার দেখা হবে।’’ উত্তরে ইংরেজিতে পুতিনের জবাব— ‘‘সামনের বার মস্কোয়।’’ হাসতে হাসতে ট্রাম্প বলেন, ‘‘ওতে একটু বিতর্ক হবে বটে, তবে তাও সম্ভব।’’