নির্দেশ অনুযায়ী, ভারত থেকে আমদানি হওয়া পণ্যের উপর আরোপিত অতিরিক্ত শুল্ক শনিবার ভোর ১২টা ১ মিনিট (ইস্টার্ন টাইম) থেকে প্রত্যাহার করা হবে।

ছবি-সংগৃহীত।
শেষ আপডেট: 7 February 2026 07:19
দ্য ওয়াল ব্যুরো: রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার প্রতিশ্রুতির বদলে ভারতের উপর চাপানো অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল আমেরিকা। শুক্রবার এই সংক্রান্ত এক নির্দেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্দেশ অনুযায়ী, ভারত থেকে আমদানি হওয়া পণ্যের উপর আরোপিত অতিরিক্ত শুল্ক শনিবার ভোর ১২টা ১ মিনিট (ইস্টার্ন টাইম) থেকে প্রত্যাহার করা হবে।
শুধু তেল নয়, আমেরিকা থেকে জ্বালানি কেনার ক্ষেত্রেও বড় প্রতিশ্রুতি দিয়েছে ভারত। নির্দেশে আরও বলা হয়েছে, আগামী পাঁচ বছরে প্রায় ৫০০ বিলিয়ন ডলারের মার্কিন জ্বালানি, বিমান ও তার যন্ত্রাংশ, মূল্যবান ধাতু, প্রযুক্তি পণ্য এবং কোকিং কয়লা কেনার পরিকল্পনা রয়েছে ভারতের। পাশাপাশি, আগামী ১০ বছরের জন্য প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর একটি কাঠামোতেও সম্মত হয়েছে দুই দেশ।
এই ঘোষণার কয়েক দিন আগেই ট্রাম্প ভারত-আমেরিকার মধ্যে একটি বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করেন। ওই চুক্তি অনুযায়ী, ভারতীয় পণ্যের উপর তথাকথিত ‘রেসিপ্রোকাল’ শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামানো হবে। যদিও এই হ্রাসের বাস্তবায়ন এখনও পর্যায়ক্রমে হবে বলে জানানো হয়েছে। হোয়াইট হাউসের যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, নির্দিষ্ট কিছু বিমান ও তার যন্ত্রাংশের উপর শুল্ক পুরোপুরি তুলে নেওয়া হবে।
বিশেষজ্ঞদের মতে, এই চুক্তির ফলে ভারতীয় রপ্তানিকারকদের জন্য মার্কিন বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি হবে। এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওয়েন্ডি কাটলারের মতে, ১৮ শতাংশ শুল্ক হার ভারতের পণ্যে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সামান্য হলেও এগিয়ে রাখবে।
সব মিলিয়ে, গত বছরের শেষে যেখানে ভারতীয় পণ্যের উপর কার্যত ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসেছিল, সেখান থেকে এই বড়সড় ছাড় দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় খুলল বলেই মনে করছে কূটনৈতিক মহল। ট্রাম্প নিজেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর “সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজন” বলে উল্লেখ করে সম্পর্ক পুনরুদ্ধারের ইঙ্গিত দিয়েছেন।