বুধবার যুদ্ধবিরতি ঘোষণার কয়েকঘণ্টার মধ্যে লেবাননে হামলা চালাতে শুরু করে ইজরায়েল। ইরান হুঁশিয়ারি দেয়। তারপরই ট্রাম্পের এই ঘোষণা।

ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 9 April 2026 11:01
দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধবিরতি জারি থাকলেও হুঁশিয়ারি থামছে না (Middle East Tension)। ফের ইরানকে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump Warning)। চুক্তি ভাঙলেই শুরু হবে আরও ভয়াবহ হামলা।
বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প স্পষ্ট জানান, আমেরিকার সেনা, যুদ্ধজাহাজ, বিমান এবং অস্ত্রশস্ত্র সবই ইরানের আশপাশে মোতায়েন থাকবে। যতক্ষণ না আসল চুক্তি পুরোপুরি হচ্ছে (US Iran Ceasefire), ততক্ষণ কিছুই এক চুলও নড়বে না কোথাও থেকে।
আপাতত যুদ্ধবিরতি থাকলেও পরিস্থিতি যে একেবারে স্বাভাবিক হয়নি তা স্পষ্ট। বরং চুক্তি কার্যকর রাখার জন্য চাপ তৈরি করতে এই সামরিক প্রস্তুতি।
বুধবার যুদ্ধবিরতি ঘোষণার কয়েকঘণ্টার মধ্যে লেবাননে হামলা চালাতে শুরু করে ইজরায়েল। শয়ে শয়ে মানুষের মৃত্যু হয়। প্রাণ যায় সাংবাদিকেরও। লেবানন বাঁচাতে পাল্টা হামলা হুঁশিয়ারি দেয় ইরান। কিন্তু তাতে লাভ হয়নি। থামেনি আক্রমণ। উল্টে ট্রাম্প আরও সতর্ক করে বলেন, যদি কোনওভাবে এই চুক্তি ভেঙে যায়, তাহলে গুলিবর্ষণ শুরু হবে এবং এই হামলা আগে কখনও দেখেনি কেউ।
একই সঙ্গে তিনি আবারও জোর দিয়েছেন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন অবস্থানের উপর। ট্রাম্প স্পষ্ট জানান, পারমানবিক অস্ত্র কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। হরমুজ বন্ধ করাও নীতি বিরুদ্ধে। ফলে দ্রুত সকলের জন্য হরমুজ খুলে দিতে হবে।
ট্রাম্প দাবি করেন, এই বিষয়গুলো আগেই চুক্তির অংশ হিসেবে ঠিক হয়েছিল, যদিও এ নিয়ে “ভুয়ো প্রচার” চলছে বলে অভিযোগ তাঁর।
এক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংক্রান্ত বিষয় এখনও পুরোপুরি পরিষ্কার নয়। তবে এই ইস্যু নিয়ে ভবিষ্যতের আলোচনায় আমেরিকা ও ইরানের মধ্যে সমঝোতার চেষ্টা চলবে। ট্রাম্পের কথা মতো মার্কিন সেনা এখন প্রস্তুত রয়েছে। প্রয়োজনে ফের অভিযান শুরু করতে তারা সম্পূর্ণ তৈরি। ফলে এখন ইরানের প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ।