ইরান-মার্কিন সংঘাত তীব্র হচ্ছে! ট্রাম্প দাবি করছেন ৪৮ শীর্ষ নেতা নিহত, পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইজরায়েলে নিহত ১০। ম

ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 1 March 2026 23:56
দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধ মানেই দাবির পাল্টা দাবি (Iran US conflict)। শনিবার যুদ্ধ ঘোষণা করার পর রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সাফল্যের খতিয়ান দিলেন। তিনি দাবি করেছেন, ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের ৪৮ জন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য, এটি ‘আশাতিত সাফল্য’। উল্লেখ্য, এই হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই-এর।
ফক্স নিউজকে ট্রাম্প বলেন, “আমরা যে সাফল্য পাচ্ছি তা কেউ বিশ্বাস করতে পারছে না। এক ধাক্কায় ৪৮ জন শীর্ষ নেতাকে নিকেশ করা হয়েছে। অভিযান আরও দ্রুত এগোচ্ছে।” এছাড়া সিএনবিসিকে তিনি জানান, ইরানে আমেরিকার সামরিক অভিযান “নির্ধারিত সময়ের আগেই” শেষ হবে এবং সবকিছু “খুব ভালোভাবে এগোচ্ছে”।
তবে ট্রাম্পের এই দাবি করার সময়ই ইরান পাল্টা হামলা চালাচ্ছে। মধ্য ইজরায়েলের বেইত শেমেশ শহরে ইরানি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ায় অন্তত ১০ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। একই সঙ্গে দুবাই, আবুধাবি, রিয়াধ ও দোহার মতো এলাকায় আমেরিকান ঘাঁটিগুলো লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে তেহরান। সর্বশেষ খবর অনুযায়ী, আমেরিকার বিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’-এ আছড়ে পড়েছে ইরানি ক্ষেপণাস্ত্র। এতে ঠিক কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কি না তা এখনও স্পষ্ট নয়।
এই পরিস্থিতিতে দুবাই ও আবুধাবির মতো জনবহুল অঞ্চল ফুঁসছে। আরব আমিরশাহী সতর্কবার্তা দিয়েছে, প্রতিবেশীদের উপর হামলা চালাবেন না। স্পষ্ট ভাষায় বলা হয়েছে, “হুঁশে ফিরুন। আপনার যুদ্ধ সম্পূর্ণ আপনার, প্রতিবেশীদের সঙ্গে নয়।”