কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি ভাইস প্রেসিডেন্টের বাড়ির ভিতরে ঢুকতে পেরেছিল বলে মনে করা হচ্ছে না। ঘটনার সময় জেডি ভ্যান্স ও তাঁর পরিবার বাড়িতে ছিলেন না বলেও জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

জেডি ভ্যান্স
শেষ আপডেট: 5 January 2026 18:37
দ্য ওয়াল ব্যুরো: ভেনেজুয়েলা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে এখন কাটাছেঁড়া চলছে। এরই মধ্যে বড় ঘটনা ঘটে গেল আমেরিকায়। নিরাপত্তা নিয়ে আতঙ্ক ছড়াল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ওহায়োর বাসভবন ঘিরে। সেখান হামলার ঘটনা ঘটেছে।
মার্কিন পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে সন্দেহভাজন এক ব্যক্তিকে ভ্যান্সের বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। তারপরই তৎপর হয় ইউএস সিক্রেট সার্ভিস ও স্থানীয় পুলিশ।
ঘটনাটি ঘটে ওহায়োর সিনসিনাটির ইস্ট ওয়ালনাট হিলস এলাকার উইলিয়াম হাওয়ার্ড টাফট ড্রাইভে অবস্থিত জেডি ভ্যান্সের বাড়ির কাছে। স্থানীয় সময় রাত প্রায় ১২টা ১৫ নাগাদ এক সিক্রেট সার্ভিস আধিকারিক একজন ব্যক্তিকে 'দৌড়ে যেতে' দেখে পুলিশকে খবর দেন বলে জানিয়েছে সিনসিনাটি পুলিশের ডিসপ্যাচ সূত্র।
খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছন পুলিশ আধিকারিক ও সিক্রেট সার্ভিসের এজেন্টরা। কিছুক্ষণের মধ্যেই এক সন্দেহভাজনকে আটক করা হয়। তবে ধৃতের পরিচয় বা অনুপ্রবেশের উদ্দেশ্য সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি ভাইস প্রেসিডেন্টের বাড়ির ভিতরে ঢুকতে পেরেছিল বলে মনে করা হচ্ছে না। ঘটনার সময় জেডি ভ্যান্স ও তাঁর পরিবার বাড়িতে ছিলেন না বলেও জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
ঘটনাস্থলের কিছু ছবিতে বাড়ির জানালার কাচ ভাঙা অবস্থায় দেখা গেলেও, সেই ক্ষতি কীভাবে হয়েছে বা আটক ব্যক্তির সঙ্গে তার সরাসরি যোগ রয়েছে কি না - সে বিষয়ে তদন্তকারীরা এখনও স্পষ্ট করে কিছু জানাননি।
কর্তৃপক্ষের দাবি, বর্তমানে জনসাধারণের নিরাপত্তার কোনও ঝুঁকি নেই। তবে পুরো ঘটনার প্রেক্ষাপট এবং ক্ষয়ক্ষতির কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।