আমেরিকার উটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে জনসভায় গুলিতে নিহত হলেন ট্রাম্প ঘনিষ্ঠ কনজারভেটিভ নেতা চার্লি কার্ক। নিরাপত্তা বিশেষজ্ঞ আগেই সতর্ক করেছিলেন সম্ভাব্য বিপদের বিষয়ে, কিন্তু তাঁর পরামর্শ মানা হয়নি।

ফাইল ছবি
শেষ আপডেট: 14 September 2025 12:18
দ্য ওয়াল ব্যুরো: একটি কলেজের অনুষ্ঠান চলাকালীন ট্রাম্প ঘনিষ্ঠ কনজারভেটিভ নেতা চার্লি কার্ককে গুলি করে খুন করা হয়েছে। উটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে জনসভায় উপস্থিত ছিলেন তিনি। মাত্র ৩১ বছর বয়সি কার্কের গলায় গুলি লাগে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খুনি বর্তমানে পুলিশের হেফাজতে। এমন সময় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। নিরাপত্তা বিশেষজ্ঞরা নাকি আগেই সতর্ক করেছিলেন, প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এমন বিপদ আসতে পারে।
‘দ্য মিরর’-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার স্টেট ইউনিভার্সিটিতে চলতি মাসের ৬ তারিখ কার্কের সঙ্গে দেখা করেন ক্রিস হার্ৎসগ, যিনি বেভারলি হিলসের দ্য বডিগার্ড গ্রুপের মালিক। তিনি স্পষ্ট জানান, 'আপনার সঠিক নিরাপত্তা ব্যবস্থা না থাকলে আসন্ন বিশ্ববিদ্যালয় সভাগুলির মধ্যে কোনও একটিতে ১০০ শতাংশ খুন হবেন।' কিন্তু সেই সতর্কবার্তা কার্যত উপেক্ষা করেন কার্ক।
হার্ৎসগ পরে বলেন, 'আমরা সবাই বুঝতে পেরেছিলাম চার্লি কার্কের যে নিরাপত্তা রয়েছে তা একেবারেই যথেষ্ট নয়। তিনি গুরুতর ঝুঁকির মুখে ছিলেন।' স্নাইপার হামলা এড়াতে ব্যালিস্টিক কাচের দেওয়াল বসানো এবং ৭০০ মিটারের মধ্যে মেটাল ডিটেক্টর ব্যবহার করার পরামর্শও দেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে।
এদিকে, অভিযুক্ত টাইলার রবিনসনকে গুলি চালানোর প্রায় ৩৩ ঘণ্টা পর গ্রেফতার করে পুলিশ।
উটাহের গভর্নর স্পেন্সার কক্স জানান, অভিযুক্তের আত্মীয় ও এক পারিবারিক বন্ধু স্থানীয় শেরিফ অফিসে খবর দেন যে রবিনসন অপরাধের ইঙ্গিত দিয়েছেন বা কার্যত স্বীকার করেছেন। সেই সূত্র ধরে শেষ পর্যন্ত ধরা পড়ে রবিনসন।