দুর্ঘটনার পর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা ঠিক কেমন, তা এখনও স্পষ্ট নয়।

২৪ বছরের মহম্মদ আব্দুল শোয়েব
শেষ আপডেট: 17 November 2025 13:15
দ্য ওয়াল ব্যুরো: সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪২ জন ভারতীয় উমরাহযাত্রী প্রাণ হারিয়েছেন (Saudi Bus Accident Indian Pilgrims)। সোমবার স্থানীয় সময় গভীর রাতে যে বাসটি মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিল, একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সেটির ধাক্কা লাগায় ঘটনাটি ঘটে। রক্তক্ষয়ী এই দুর্ঘটনার মাঝে অলৌকিকভাবে বেঁচে যান মাত্র একজন, ২৪ বছরের মহম্মদ আব্দুল শোয়েব (Saudi Bus Accident lone survivor)।
হায়দরাবাদের বাসিন্দা শোয়েব বাসের সামনের দিকে, চালকের কাছাকাছি বসেছিলেন বলে স্থানীয় সূত্রের দাবি। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা ঠিক কেমন, তা এখনও স্পষ্ট নয়।
মোট ৪৬ জন যাত্রী ওই বাসে ছিলেন বলে মনে করা হচ্ছে। রাত প্রায় দেড়টা (ভারতীয় সময়) নাগাদ বাসটি একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা খায়। কীভাবে সংঘর্ষ হল, সে বিষয়ে তদন্ত চলছে।
ভারতীয় দূতাবাসের কন্ট্রোল রুম
জেদ্দায় ভারতীয় দূতাবাস জানিয়েছে, দুর্ঘটনার পরপরই একটি কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। সেখানে নিহতদের পরিবার এবং আহতদের বিষয়ে খেয়াল রাখছেন কর্মকর্তারা।
বিদেশমন্ত্রী জয়শঙ্করের গভীর শোকপ্রকাশ
রাশিয়া সফরে থাকা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন। তিনি এক্স–এ লেখেন, “রিয়াধে আমাদের দূতাবাস ও জেদ্দার কনসুলেট আক্রান্ত ভারতীয়দের পরিবারকে সর্বোচ্চ সহায়তা দিচ্ছে। মৃতদের পরিবারকে আন্তরিক সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতার প্রার্থনা করি।”
তেলেঙ্গানা সরকারের তৎপরতা
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডিও দুর্ঘটনায় শোক জানিয়েছেন। তাঁর দফতর জানায়, প্রাথমিক তথ্য থেকে জানা গিয়েছে, যাত্রীরা মক্কা থেকে মদিনা যাচ্ছিলেন এবং তাঁদের মধ্যে কয়েকজন হায়দরাবাদের বাসিন্দা। এরপরই মুখ্যমন্ত্রী মুখ্যসচিব ও ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে পুরো ঘটনার বিস্তারিত রিপোর্ট তোলার নির্দেশ দেন।
মুখ্যমন্ত্রীর দফতর আরও জানিয়েছে, “মুখ্যসচিব কে রামকৃষ্ণ রাও তৎক্ষণাৎ দিল্লিতে কোঅর্ডিনেশন সেক্রেটারি গৌরব উপ্পলের সঙ্গে কথা বলেছেন এবং প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।”
রাজ্য সচিবালয়ে একটি পৃথক কন্ট্রোল রুমও খোলা হয়েছে যাতে মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা যায় এবং ত্রাণ সংক্রান্ত কাজ সম্পন্ন করা সম্ভব হয়।
প্রসঙ্গত, ভয়াবহ এই দুর্ঘটনায় একমাত্র একজনের বেঁচে ফেরার এই গল্প বলে করিয়ে দিচ্ছে এই বছরের মাঝের দিকে হওয়া আমদাবাদ এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার কথা। বিমানে থাকা ২৪৩ জন যাত্রীর মধ্যে ২৪২ জনের মৃত্যু হয়, নিহত হন মাটিতে থাকা আরও ১৯ জন। জুনের ১২ তারিখের সেই ঘটনায় সেখানেও প্রাণে বেঁচেছিলেন মাত্র একজন, ব্রিটেনের লেস্টারে বসবাসকারী ৪০ বছরের বিশ্বাসকুমার রমেশ।