সৌদি আরবে উমরাহ যাত্রীবাহী বাস এবং ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষে কমপক্ষে ৪২ জন ভারতীয়র মৃত্যু হয়েছে। অধিকাংশ যাত্রী হায়দরাবাদের। ঘটনাস্থলে চলছে উদ্ধারকাজ, মৃতদের দেহ দ্রুত দেশে ফেরানোর আর্জি জানিয়েছেন ওয়েসি।

ফাইল ছবি
শেষ আপডেট: 17 November 2025 12:06
দ্য ওয়াল ব্যুরো: সৌদি আরবে সোমবার ভোরে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৪২ জন ভারতীয় উমরাহ যাত্রীর মৃত্যু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতীয় সময় রাত প্রায় দেড়টায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেল ট্যাঙ্কারের ধাক্কা লাগে। সংঘর্ষের পর মুহূর্তে বাসটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রীই ঘুমোচ্ছিলেন, আগুনে ঝলসে যান।
বাসটির অধিকাংশ যাত্রীই হায়দরাবাদের বাসিন্দা। যাত্রীদের মধ্যে কয়েকজন মহিলা এবং শিশুও ছিলেন। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু করেন দ্রুত। রাতভর চলে দমকল এবং উদ্ধারবাহিনীর তৎপরতা। তবে সরকারিভাবে সঠিক মৃতের সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি।
৪০ জনেরও বেশি যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে অনুমান
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তীব্র আগুন এবং বিস্ফোরণের কারণে অনেক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। কয়েকজন গুরুতর আহতকে আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি জানান, তিনি দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শহরের দুইটি ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন এবং মৃত ও আহতদের তথ্য ভারতীয় কর্তৃপক্ষকে পাঠিয়ে দেন।
ওয়াইসি বলেন, 'মক্কা থেকে মদিনা যাওয়ার সময় উমরাহযাত্রীদের বাসে আগুন ধরে যায়। রিয়াধে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন আবু ম্যাথেন জর্জের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, তথ্য সংগ্রহের কাজ চলছে।'
দেহ ফিরিয়ে আনার অনুরোধ
সাংসদ ওয়াইসি কেন্দ্রীয় সরকারের কাছে মৃতদেহ দ্রুত ভারতে ফেরানোর দাবি জানিয়েছেন। তিনি বলেন, 'বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের কাছে অনুরোধ, মৃতদের দেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনতে ব্যবস্থা করুন। আহতরা যেন উপযুক্ত চিকিৎসা পান, সেটাও নিশ্চিত করা উচিত।'
দুর্ঘটনা সংক্রান্ত সঠিক তথ্য, মৃত ও আহতের সঠিক সংখ্যা এখনও সৌদি প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। উদ্ধারকাজ শেষ হওয়ার পর বিস্তারিত তথ্য প্রকাশ হতে পারে। তবে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ৪০-এরও বেশি হতে পারে, যার বেশিরভাগই ভারতীয় উমরাহযাত্রী।
এ ঘটনায় ভারতীয় দূতাবাস, তেলঙ্গানা সরকার এবং কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রক পরিস্থিতির উপর নজর রাখছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে আহতদের চিকিৎসা, মৃতদেহ শনাক্তকরণ এবং দেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলে আশা করা হচ্ছে।
জেড্ডার কনসুলেট জেনারেল অফ ইন্ডিয়া এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি পোস্ট করেছে। জানানো হয়েছে, সেখানকার ভারতীয় দূতাবাসে ২৪ ঘণ্টার একটি হেল্পলাইন চালু করেছে প্রশাসন। হেল্পলাইন নম্বর ৮০০২৪৪০০৩।
এনিয়ে টুইট করেছেন বিদেশমন্ত্রী ডঃ এস. জয়শঙ্কর এক্স-এ লিখেছেন, 'সৌদি আরবের মদিনায় যে দুর্ঘটনা হয়েছে, তা অত্যন্ত মর্মান্তিক। রিয়াধে ভারতীয় দূতাবাস এবং জেদ্দায় আমাদের কনসুলেট এই দুর্ঘটনায় আক্রান্ত ভারতীয়দের এবং তাঁদের পরিবারের পাশে থেকে সর্বাত্মক সহায়তা করছে। নিহতদের পরিবার-পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।'
EAM Dr S Jaishankar tweets, "Deeply shocked at the accident involving Indian nationals in Medinah, Saudi Arabia. Our Embassy in Riyadh and Consulate in Jeddah are giving the fullest support to Indian nationals and families affected by this accident. Sincere condolences to the… pic.twitter.com/mEJ3OMKLOs
— ANI (@ANI) November 17, 2025