সময় যত গড়ায়, দমকলের ইঞ্জিনের সংখ্যা বাড়তে থাকে। শেষ পর্যন্ত আগুন নেভাতে পৌঁছয় ২৪টি ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে।
.jpeg.webp)
সুজিৎ বসু
শেষ আপডেট: 15 November 2025 17:14
দ্য ওয়াল ব্যুরো: শনিবার ভোর ৫টা নাগাদ আগুন লাগে বড়বাজারের ১৭ নম্বর এজরা স্ট্রিটে (Ezra Street Fire)। একটি ইলেকট্রিক দোকানের দ্বিতীয় তলে হঠাৎ আগুন লেগে যায়। মূলত এই অংশটি গোডাউন হিসাবেই ব্যবহার করা হত। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আসে দমকলের ইঞ্জিন (Kolkata Fire)।
সময় যত গড়ায়, দমকলের ইঞ্জিনের সংখ্যা বাড়তে থাকে। শেষ পর্যন্ত আগুন নেভাতে পৌঁছয় ২৪টি ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। আগুন লাগার খবর পেয়ে পৌঁছে যান দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। এই এলাকায় দোকানগুলির বিরুদ্ধে অগ্নিনির্বাপক ব্যবস্থা মেনে না চলার অভিযোগ উঠেছে। সবকিছু খতিয়ে দেখার আশ্বাস দেন দমকলমন্ত্রী। এলাকাটি ঘুরে দেখেন তিনি। বলেন, এই ঘটনার পিছনে বেআইনি কিছু থাকলে তার ব্যবস্থা নেওয়া হবে।
আগুন লাগার কারণ জিজ্ঞেস করা হলে তিনি জানান, ফরেন্সিক না হওয়া পর্যন্ত কিছু জানা যাবে না। কীভাবে থেকে আগুন লেগেছে জানার চেষ্টা চলছে। ব্যবসায়ীদের সবরকম সাহায্য করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। তাঁদের অনুরোধ করেছেন, ফায়ার পরিষেবার জন্য যেসকল ব্যবস্থা নিতে হয়, সেগুলোর দিকে নজর দিতে হবে।
এজরা স্ট্রিট অত্যন্ত ঘিঞ্জি এলাকা। তারমধ্যে গলিতে রয়েছে তারের জঙ্গল। গাড়ি ঢুকতে সমস্যা হয়। জল পেতেও অনেক সমস্যায় পড়তে হয়। তার মধ্যে ২৫টি দমকল কাজ করেছে। এদিন প্রাণহানীর ঘটনা ঘটেনি। সকলকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। ব্যবসায়ীরাও যাতে সতর্ক থাকেন সেদিকে লক্ষ রাখতে বলা হয়েছে। অগ্নিনির্বাপক ব্যবস্থা কি ছিল সেটাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন।
এদিন ঘটনাস্থল পরিদর্শনের পর মেয়র ফিরহাদ হাকিম বলেন, “ওই বহুতলে বহু বৈদ্য়ুতিন তার অগোছালোভাবে দেখা গিয়েছে। আমি সিইএসসি, দমকল, ব্যবসায়ী সমিতি, পুরসভা, পুলিশকে নিয়ে বৈঠক করব। যাতে বড়বাজারে যাঁরা ব্যবসা করেন, তাঁরা সুষ্ঠুভাবে করতে পারেন। যাতে দমকল আসতে অসুবিধা না হয়, তা দেখার দায়িত্ব সকলের।”
ওই অগ্নিদগ্ধ বহুতল বহু প্রাচীন। কমপক্ষে বাইশবার আগুন লেগেছে বলেই দাবি ক্ষুব্ধ কাউন্সিলর সন্তোষ পাঠকের। তাঁর অভিযোগ, “এটা ঘিঞ্জি এলাকা। ২২ বার আগুন লেগেছে। আগুন লাগার ঝুঁকি নিয়ে বহুবার দমকল, পুলিশ কমিশনারকে লিখেছি। কাকে বলিনি? কারও টনক নড়েনি। কাগজ আমার কাছে আছে। কিছুই ঠিকঠাক হয়নি।”