জম্মু-কাশ্মীরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত ৪, আহত ৫। এর মধ্যেই শ্রীনগরের নওগামে বিস্ফোরণে মৃত্যু আরও ৯ জনের।

ফাইল চিত্র
শেষ আপডেট: 16 November 2025 07:57
দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে এবং আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শনিবার রাতে একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (SUV)-এর সঙ্গে একটি ডাম্পার ট্রাকের সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানান, গতকাল রাত প্রায় ১০.৩০ মিনিটে বুদগামের পালার এলাকায় একটি টাটা সুমো গাড়ির সঙ্গে একটি ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় নয়জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ সেখানে চারজনকে 'মৃত' ঘোষণা করে। আহত বাকি পাঁচজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
অন্যদিকে, শ্রীনগরের নওগাম থানায় (Srinagar Nowgam PS) শুক্রবার গভীর রাতে ভয়াবহ বিস্ফোরণে (Blast) মৃত্যু হয়েছে ৯ জনের। জম্মু-কাশ্মীর পুলিশ (Jammu Kashmir Police) প্রাথমিকভাবে জানিয়েছে, এটি একটি দুর্ঘটনাজনিত বিস্ফোরণ, তবে এর সূত্র রয়েছে হরিয়ানার ফরিদাবাদে সন্ত্রাস দমন অভিযানে উদ্ধার হওয়া বিপুল বিস্ফোরক-সম্ভারে।