রুশ প্রেসিডেন্ট বলেন “তেহরানের প্রতি আমাদের অটুট সমর্থন এবং আমাদের ইরানি বন্ধুদের সঙ্গে সংহতি পুনরায় নিশ্চিত করতে চাই।”

ইরানের প্রতি সমর্থন ‘অটুট’ থাকবে, জানাল রাশিয়া
শেষ আপডেট: 9 March 2026 19:08
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম এশিয়ায় উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক কূটনীতিতে এক্র পর এক নতুন সমীকরণ তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে ইরানের পাশে থাকার বার্তা দিল রাশিয়া। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) ঘোষণা করেন, চলমান সংঘাতের মধ্যেও ইরানের প্রতি রাশিয়ার সমর্থন ‘অটুট’ থাকবে (Putin supports Iran)।
একই সঙ্গে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হওয়ায় মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)-কে অভিনন্দনও জানিয়েছেন তিনি (Putin congratulates Iran leader Mojtaba Khamenei)। উল্লেখ্য, নিহত ইরানি নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের উত্তরসূরি হিসেবেই তাঁর ছেলে মোজতবার নাম ঘোষণা করা হয়েছে ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের (Assembly of Experts) তরফে।
এই ঘোষণার মধ্যেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, কারণ ইজরায়েল ইতিমধ্যেই সতর্ক করেছে যে, প্রয়োজনে খামেনেইর উত্তরসূরিও তাঁদের পরবর্তী লক্ষ্য হতে পারেন।
‘তেহরানের পাশে থাকবে মস্কো’
সংবাদ সংস্থা এএফপি পুতিনের কথাকে উদ্ধৃত করে জানিয়েছে, এই পরিস্থিতিতে রাশিয়া ইরানের পাশেই থাকবে। রুশ প্রেসিডেন্ট বলেন “তেহরানের প্রতি আমাদের অটুট সমর্থন এবং আমাদের ইরানি বন্ধুদের সঙ্গে সংহতি পুনরায় নিশ্চিত করতে চাই।”
মোজতবা খামেনেইকে অভিনন্দন জানিয়ে পুতিন বলেন, তিনি বিশ্বাস করেন নতুন নেতা সম্মানের সঙ্গে তাঁর বাবার কাজ এগিয়ে নিয়ে যাবেন এবং কঠিন সময়ে ইরানের মানুষকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হবেন।
পুতিনের কথায়, “এই সময়ে যখন ইরান সশস্ত্র আগ্রাসনের মুখোমুখি, তখন এই উচ্চ দায়িত্ব পালন করতে অসাধারণ সাহস এবং নিষ্ঠা প্রয়োজন হবে।”
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা
এর আগে গত শুক্রবার রাতে ফোনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেন পুতিন। নিহত সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই, তাঁর পরিবারের সদস্য, ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব এবং সংঘাতে নিহত বহু সাধারণ মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশও করেন।
রাশিয়ার প্রেসিডেন্ট একই সঙ্গে জানান, ইরানকে ঘিরে যে সংঘাত তৈরি হয়েছে তা সহিংসতার মাধ্যমে নয়, শান্তিপূর্ণ উপায়েই সমাধান হওয়া উচিত।
রাশিয়ার সংহতির জন্য ধন্যবাদ তেহরানের
রাশিয়ার প্রেসিডেন্টের এই বার্তার জন্য ধন্যবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।
ক্রেমলিন সূত্রে জানা গেছে, পেজেশকিয়ান বলেছেন, ইরানি জনগণ যখন নিজেদের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার লড়াই চালাচ্ছে, তখন তাদের পাশে দাঁড়ানোর জন্য রাশিয়ার প্রতি তিনি কৃতজ্ঞ।
কে এই মোজতবা খামেনেই?
সোমবারই ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে দেশের নতুন সর্বোচ্চ নেতা হবেন আয়াতোল্লা মোজতবা খামেনেই।
১৯৬৯ সালে ইরানের পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশাদে জন্ম তাঁর। তিনি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর ছয় সন্তানের একজন। বর্তমান সংকটময় সময়ে দেশের সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব তাঁর কাঁধে এসেছে। বিশ্লেষকদের মতে, এই নেতৃত্ব পরিবর্তন শুধু ইরানের রাজনীতিতেই নয়, গোটা পশ্চিম এশিয়ার ভূ-রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।