ইজরায়েল সফরে ‘ফাউদা’ টিমের সঙ্গে সাক্ষাৎ করে সেলফি তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দোরোনখ্যাত লিওর রাজ বললেন, এ এক ‘বিশাল সম্মান’।
.jpeg.webp)
ফাইল চিত্র
শেষ আপডেট: 27 February 2026 14:21
দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে যখন নরেন্দ্র মোদী (Narendra Modi) মন্ত্রিসভা শুধু ইজরায়েল সফরের প্রস্তাব দিয়েছিল, এক কথায় না করে দিয়েছিলেন কীর্ণাহারের ব্রাহ্মণ সন্তান। প্রণব সাফ জানিয়েছিলেন, ইজরায়েলের সঙ্গেই যদি প্যালেস্তাইন সফরে আয়োজন হয়, তবেই তিনি যাবেন। শেষমেশ সেই ভারসাম্যের কূটনীতির শর্ত মেনে নিয়েছিল মোদী সরকার। কিন্তু এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী শুধু ইজরায়েল সফরে গেলেন। সে দিক থেকে ইজরায়েলে মোদীর এবারের রাষ্ট্রীয় সফর ঐতিহাসিক। এবং সেই সফরের ফাঁকেই জনপ্রিয় ইজরায়েলি সিরিজ ‘ফাউদা’ (Fauda) টিমের সঙ্গে সাক্ষাৎ করে সেলফি তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, “সৌভাগ্যক্রমে এই সাক্ষাতে শুধু সেলফিই যথেষ্ট—কোনও আন্ডারকভার কাজ ছিল না! #Fauda”।
এই সাক্ষাৎকে ‘বিশাল সম্মান’ বলে উল্লেখ করেছেন ‘ফাউদা’-র স্রষ্টা ও মুখ্য অভিনেতা লিওর রাজ। সিরিজে তিনিই ছিলেন মুখ্য চরিত্রে। নাম ছিল দোরোন। কোভিড সংক্রমণের সময়ে তাঁর অভিনীত এই ওটিটি সিরিজ এ দেশেও ঝড় তুলেছিল।
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে লিওর রাজ জানান, ভারতের মতো বৃহৎ দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া তাঁদের কাছে অত্যন্ত গর্বের। তাঁর কথায়, শিল্প-সংস্কৃতি, অভিনয় ও প্রযোজনায় প্রধানমন্ত্রীর সমর্থন সত্যিই অনুপ্রেরণাদায়ক।
দীর্ঘ ন’বছর পর প্রধানমন্ত্রীর এই ইজরায়েল সফরে ভারত-ইজরায়েল দ্বিপাক্ষিক সম্পর্ক ‘স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’-এ উন্নীত হয়েছে সাউথ ব্লকের দাবি। সফরের মধ্যেই ‘ফাউদা’ টিমের সঙ্গে এই সাক্ষাৎ সাংস্কৃতিক আদানপ্রদানের দিকটিকেও নতুন করে সামনে আনল।
লিওর রাজ আরও জানান, ‘ফাউদা’-র নেটফ্লিক্স প্রিমিয়ার হয়েছিল গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে। ভবিষ্যতে ভারতের সঙ্গে আবারও যৌথ কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। আন্তর্জাতিক স্তরে Netflix-এ স্ট্রিম হওয়া এই সিরিজের বিশ্বজুড়ে বড় দর্শকভিত্তি রয়েছে, যার উল্লেখযোগ্য অংশ ভারতীয়।
২০১৫ সালে প্রথম মুক্তি পাওয়া ‘ফাউদা’ ইতিমধ্যেই চারটি সিজন পার করেছে, পঞ্চম সিজন মুক্তির অপেক্ষায়। উল্লেখযোগ্যভাবে, এই সিরিজের ভারতীয় রিমেক ‘তানাও’ও দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিল।