পাক বিদেশ মন্ত্রকের দাবি, 'এই আগ্রাসনের ফলে উত্তেজনা আরও বাড়তে পারে।'
.jpeg.webp)
ট্রাম্প ও শহবাজ শরিফ
শেষ আপডেট: 22 June 2025 15:09
দ্য ওয়াল ব্যুরো: মাত্র এক দিন আগেই ডোনাল্ড ট্রাম্পকে ২০২৬ সালের 'নোবেল পিস' প্রাইজের জন্য মনোনিত করেছিল পাকিস্তান। ভারত-পাকিস্তান সংঘর্ষের সময়ে তাঁর ‘কূটনৈতিক হস্তক্ষেপ’ এবং ‘দূরদর্শী নেতৃত্বের’ প্রশংসা করে ইসলামাবাদের তরফে এই ঘোষণা করা হয়েছিল। কিন্তু রবিবারই আমেরিকা ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর পর পুরো পাল্টে গেল তারা।
ইসলামাবাদের বিদেশ মন্ত্রক রবিবার একটি বিবৃতিতে জানায়, তারা ইরানের বিরুদ্ধে হওয়া এই আগ্রাসনের তীব্র নিন্দা করছে। আন্তর্জাতিক আইনের সমস্ত রীতিনীতিকে লঙ্ঘন করেছে এই হামলা। আত্মরক্ষার অধিকার ইরানের রয়েছে।
পাক বিদেশ মন্ত্রকের দাবি, 'এই আগ্রাসনের ফলে উত্তেজনা আরও বাড়তে পারে। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তা গোটা বিশ্বের পক্ষে মারাত্মক ক্ষতিকর হতে পারে।'
প্রসঙ্গত, পাকিস্তান ও ইরানের মধ্যে প্রায় ৯০০ কিলোমিটারের সীমানা রয়েছে। ফলে, তেহরান ও তেল আভিভের যুদ্ধে আমেরিকার মধ্যস্থতা করায় সব থেকে বেশি উদ্বেগে রয়েছে ইসলামাবাদই। সেই কারণেই বিবৃতিতে ইসলামাবাদ স্পষ্ট ভাষায় বলেছে, 'এই সংকটের মীমাংসার একমাত্র রাস্তা হল কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমাধান। সংঘর্ষ নয়।'
অথচ শনিবারই পাকিস্তান সরকার ঘোষণা করেছিল, তারা ডোনাল্ড ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল পিস প্রাইজের জন্য মনোনয়নিত করবে। কারণ হিসেবে বলা হয়েছিল, 'সম্প্রতি ভারত-পাকিস্তান সংকটে ট্রাম্পের কূটনৈতিক ভূমিকা ও নেতৃত্ব পরিস্থিতিকে আরও খারাপ হতে দেয়নি। সেই সিদ্ধান্ত ও নেতৃত্বের জন্যই তিনি এই সম্মানের যোগ্য।'
উল্লেখ্য, ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। দিল্লি দাবি করে, হামলার সঙ্গে সীমান্তপারের যোগ রয়েছে। এরপরই ৭ মে ভারত ‘অপারেশন সিঁদুর’ চালায় এবং পাকিস্তান ও পিওকে-র জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। পাল্টা জবাবে পাকিস্তানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। দুই দেশ ১০ মে সংঘর্ষবিরতিতে সম্মত হয়। সরকারিভাবে এই সিদ্ধান্তের কথা দিল্লি ঘোষণা করার আগেই ট্রাম্প দাবি করেন, তাঁর মধ্যস্থতাতেই গোটা পরিস্থিতি শান্ত হয়েছে।
এই দাবি অবশ্য মেনে নেয়নি দিল্লি। এবার ইরান-ইজরায়েলের ক্ষেত্রেও দু'সপ্তাহ চেয়ে মাত্র দু'দিনে সিদ্ধান্তের পরিবর্তন করলেন মার্কিন প্রেসিডেন্ট। শনিবার রাতে গুঁড়িয়ে দিলেন ইরানের পরমাণু ঘাঁটি।