দিল্লিতে তালিবান মন্ত্রীর মুখে “কাশ্মীর ভারতের অংশ” শুনে রেগে আগুন পাকিস্তান! আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, নিহত সেনাও।

তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি
শেষ আপডেট: 12 October 2025 15:54
দ্য ওয়াল ব্যুরো: তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি-র সাম্প্রতিক দিল্লি সফর এবং ভারত-আফগানিস্তানের যৌথ বিবৃতি নিয়ে তীব্র কূটনৈতিক বিবাদ শুরু হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। বিবৃতিতে জম্মু ও কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে ঘোষণা করায় পাকিস্তান তীব্র আপত্তি জানিয়েছে এবং ইসলামাবাদে আফগান রাষ্ট্রদূতকে তলব করেছে।
পাকিস্তানের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, যৌথ বিবৃতিতে জম্মু ও কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে ঘোষণা করা "রাষ্ট্রসংঘের প্রাসঙ্গিক প্রস্তাব এবং জম্মু ও কাশ্মীরের আইনি মর্যাদার পরিপন্থী।" পাকিস্তান এটিকে 'অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের জনগণের আত্মত্যাগ ও অনুভূতির প্রতি ভারতের অসংবেদনশীলতা' বলেও আখ্যা দিয়েছে।
দিল্লিতে বসে আফগান বিদেশমন্ত্রী মুত্তাকি মন্তব্য করেছিলেন, সন্ত্রাসবাদ পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। মুত্তাকির এই বক্তব্য প্রত্যাখ্যান করে পাকিস্তান দাবি করেছে, আফগানিস্তানের মাটি থেকে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সন্ত্রাসী গোষ্ঠী (TTP) সম্পর্কে তারা কাবুলকে বারবার অবহিত করেছে। পাকিস্তানের বক্তব্য, "আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের দায়িত্ব থেকে নিজেকে রেহাই দিতে পারে না।" যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তানে বসবাসকারী অননুমোদিত আফগান নাগরিকদের তাদের দেশে ফিরে যাওয়ার সময় এসেছে।
মুত্তাকির দিল্লি সফরের আবহে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন যখন তুঙ্গে, তখনই সীমান্তে বড় ধরনের সামরিক সংঘাতের খবর পাওয়া যায়। গত ৯ অক্টোবর কাবুলে পাকিস্তানি বিমান হামলার (যদিও পাকিস্তান স্বীকার করেনি) পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছিল। এই আবহে গত ১১ অক্টোবর রাতে সীমান্ত হিসেবে পরিচিত ডুরান্ড লাইন বরাবর তীব্র গোলাগুলি বিনিময় হয়।
আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ-এর দাবি, তালিবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে যে আফগান সেনারা পাকিস্তানের সীমান্তে অবস্থিত একাধিক আউটপোস্ট গুঁড়িয়ে দিয়েছে। আফগানিস্তানের ২০১তম খালিদ বিন ওয়ালিড আর্মি কোর এই হামলা চালিয়েছিল।
তালিবান কর্তৃপক্ষ দাবি করেছে, এই সংঘর্ষে পাকিস্তানের কমপক্ষে ৬ জন সেনা সদস্য নিহত এবং ২ জনকে জীবিত আটক করা হয়েছে। তালিবান প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র এনায়েত খোয়ারাজম এএফপি-কে বলেন, তাদের সামরিক অভিযান সফল হয়েছে। তিনি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, "প্রতিপক্ষ যদি আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তাহলে আমাদের সেনা নিজেদের জমি রক্ষা করতে উপযুক্ত জবাব দেবে।" এই সংঘর্ষ বা হামলার বিষয়ে ইসলামাবাদ এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।