কাবুলে তালিবান বাহিনী পাকিস্তানের ওপর সীমান্তে প্রতিশোধী হামলা চালিয়ে ১৫ সেনা নিহত এবং ৩ আউটপোস্ট দখল করেছে। বিস্তারিত জানতে পড়ুন।

সীমান্তে প্রতিশোধের আগুন চরমে!
শেষ আপডেট: 12 October 2025 12:55
দ্য ওয়াল ব্যুরো: আফগানিস্তানের রাজধানী কাবুলসহ তাদের ভূখণ্ডে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার কড়া জবাব দিল তালিবান বাহিনী। আফগান বাহিনীর প্রতিশোধমূলক অভিযানে হেলমান্দ প্রদেশে ১৫ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার দাবি করেছে তালিবান সরকার।
হেলমান্দ প্রদেশের সরকারের মুখপাত্র মৌলভি মোহাম্মদ কাসিম রিয়াজ সংবাদমাধ্যমকে জানান, ডুরান্ড লাইন সংলগ্ন বাহরামপুর জেলায় গত রাতের অভিযানে ১৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। তিনি আরও দাবি করেন, আফগান বাহিনী এই অপারেশনে পাকিস্তানি সেনাবাহিনীর তিনটি সামরিক আউটপোস্ট দখল করে এবং প্রচুর অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে।
বৃহস্পতিবার কাবুলে দু'টি এবং দক্ষিণ-পূর্বের পাকতিকা প্রদেশে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। তালিবান-শাসিত প্রতিরক্ষা মন্ত্রক এই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে এবং তাদের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ আনে। এর পরই আফগান সামরিক বাহিনী প্রতিশোধ নিতে আটটি সীমান্ত প্রদেশ, হেলমান্দ, কান্দাহার, জাবুল, পাকতিকা, পাকতিয়া, খোস্ত, নানগারহার এবং কুনার—বরাবর পাকিস্তানি পোস্টে হামলা শুরু করে।
আফগান সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, "পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক কাবুলে চালানো বিমান হামলার প্রতিশোধ হিসেবে তালিবান বাহিনী সীমান্ত বরাবর বিভিন্ন এলাকায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর সংঘর্ষে লিপ্ত।"
আফগান প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র এনায়েত খোয়ারাজম সংবাদ সংস্থা এএফপিকে জানান, তাদের "সফল" অভিযান মধ্যরাতে শেষ হয়েছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "যদি বিপরীত পক্ষ আবার আফগানিস্তানের ভূখণ্ড লঙ্ঘন করে, তবে আমাদের সশস্ত্র বাহিনী তাদের ভূখণ্ড রক্ষা করতে প্রস্তুত এবং কঠোর জবাব দেবে।"
অন্যদিকে, ইসলামাবাদ বিমান হামলার কথা নিশ্চিত না করলেও কাবুলকে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) জঙ্গিদের আশ্রয় দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছে।
TTP হলো আফগান তালেবানের আদর্শগত মিত্র এবং ইসলামাবাদের অভিযোগ, এই গোষ্ঠীটি ২০২১ সাল থেকে তাদের শত শত সেনাকে হত্যা করেছে। পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের এক কর্মকর্তা এএফপিকে জানান, তালিবান বাহিনীর হামলার জবাবে পাকিস্তানি বাহিনীও ভারী গুলি চালায় এবং সন্দেহভাজন তিনটি আফগান কোয়াডকপ্টার গুলি করে নামানো হয়।
পাকিস্তান দীর্ঘ দিন ধরেই অভিযোগ করছে যে TTP জঙ্গিরা আফগান ভূখণ্ড ব্যবহার করে তাদের ওপর হামলা চালাচ্ছে। জাতিসংঘও এক রিপোর্টে জানিয়েছিল যে, TTP কাবুল সরকারের কাছ থেকে উল্লেখযোগ্য সমর্থন পাচ্ছে।
গত সপ্তাহে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ জাতীয় পরিষদে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমরা আর এটি সহ্য করব না। তাদের যারা সুবিধা দিচ্ছে, সে ঘাঁটি আমাদের মাটিতে হোক বা আফগান মাটিতে, তাদের জবাব দিতে আমরা ঐক্যবদ্ধ।" উল্লেখ্য, শনিবারই TTP উত্তর-পশ্চিম পাকিস্তানে ২০ জন নিরাপত্তা কর্মকর্তা এবং তিন বেসামরিক নাগরিক হত্যার দায় স্বীকার করেছে।