বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগকে ‘ভুয়ো খবর’ বলে উড়িয়ে দিলেন মহম্মদ ইউনুস। তাঁর দাবি, ভারতের পক্ষ থেকেই এই ধরনের ‘ফেক নিউজ’ ছড়ানো হচ্ছে।

মহম্মদ ইউনুস
শেষ আপডেট: 12 October 2025 12:31
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ ‘ভুয়ো’ বলে দাবি করলেন বাংলাদেশের চিফ অ্যাডভাইজার মহম্মদ ইউনুস। এই ধরনের খবর ভারতের তরফে ছড়ানো ‘ফেক নিউজ’ বলে অভিযোগ তোলেন তিনি।
সম্প্রতি মার্কিন সাংবাদিক মেহদি হাসানের এক সাক্ষাৎকারে ইউনুস বলেন, 'এখন ভারতের এক বিশেষত্বই হল ফেক নিউজ। একের পর এক ভুয়ো খবর।' তিনি আরও জানান, বাংলাদেশে প্রতিবেশীদের মধ্যে জমি বা সীমান্ত নিয়ে স্বাভাবিক ধরনের ঝামেলা বা বিবাদ হয়, কিন্তু সেগুলিকে ধর্মীয় বা সাম্প্রদায়িক রঙ দেওয়া ঠিক নয়।
গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার খবর আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়ে। তবে সেই সমস্ত খবরকেও ইউনুস নস্যাৎ করেছেন। তাঁর বক্তব্য, 'এই বিষয়ে সরকার যথেষ্ট সতর্ক। কারণ ভারত সব সময়ই এই বিষয়টা চাপ দিয়ে তুলে ধরে।'
শেখ হাসিনার চলে যাওয়ার পর বাংলাদেশজুড়ে হিন্দুদের ওপর হামলার খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বড় করে প্রচারিত হয়েছিল। এমনকি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই বিষয়ে মন্তব্য করেন। তিনি তখন বলেছিলেন, 'ইউনুস সরকারের অধীনে হিন্দুদের প্রতি আচরণ ছিল নৃশংস।' এই মন্তব্য নিয়েও সাক্ষাৎকারে প্রতিক্রিয়া দিয়েছেন নোবেলজয়ী। ডোনাল্ড ট্রাম্প আদৌ এমন কিছু বলেছেন কি না, বা বাংলাদেশে কী ঘটছে সে বিষয়ে তাঁর আদৌ কোনও ধারণা আছে কি না, সেনিয়ে সন্দেহ প্রকাশ করেন।
এরই মধ্যে গত বছরের নভেম্বর মাসে প্রায় ৩০ হাজার হিন্দু ঢাকা শহরে মিছিল করেছিলেন। তাঁরা ইউনুস সরকারের কাছে নিরাপত্তা দাবি করেন। অভিযোগ তোলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ বারবার হামলা ও হয়রানির শিকার হচ্ছেন। পাশাপাশি, হিন্দু নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহের মামলাও প্রত্যাহারের দাবি তোলেন তাঁরা।
ইউনুসের বক্তব্য, বাংলাদেশে হিন্দুরা নিজেদের নাগরিক পরিচয়ে আত্মবিশ্বাসী হলে তবেই সুরক্ষিত বোধ করবেন। তাঁর কথায়, 'আমি যখন হিন্দু সম্প্রদায়ের সঙ্গে দেখা করি, তখন বলি, নিজেদের শুধু হিন্দু হিসেবে নয়, বাংলাদেশের নাগরিক হিসেবে দেখুন। বলুন, আমি এই দেশের নাগরিক, তাই রাষ্ট্রের কাছ থেকে আমার সুরক্ষার অধিকার আছে। তখনই আপনারা আরও বড় পরিসরে সুরক্ষা পাবেন।'