গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন সাধারণ নাগরিক নিহত হন। তার পাল্টা জবাবে মে মাসেই পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারত।

আসিম মুনির
শেষ আপডেট: 22 December 2025 17:34
দ্য ওয়াল ব্যুরো: ভারতের সঙ্গে সামরিক সংঘাত (India Pakistan Conflict) ঘিরে অবাক করা মন্তব্য করলেন পাকিস্তানের প্রতিরক্ষা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির (Field Marshal Asim Munir)। তাঁর দাবি, গত মে মাসে ভারতের সঙ্গে চার দিনের সামরিক উত্তেজনার সময় পাকিস্তান সেনা 'আল্লার বিশেষ সাহায্য’ (Divine Help) পেয়েছিল! বিষয়টি ঠিক কী, তার ব্যাখ্যা দিয়েছেন তিনি।
ইসলামাবাদে (Islamabad) আয়োজিত ন্যাশনাল উলেমা কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে কোরানের বিভিন্ন আয়াত উদ্ধৃত করেন মুনির। সেখানেই তিনি বলেন, ভারতের সঙ্গে সংঘাতের সময় পাকিস্তান সেনাবাহিনী 'ঈশ্বরের হস্তক্ষেপ অনুভব করেছে'। তাঁর কথায়, “আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছিলাম যে, কোনও অদৃশ্য শক্তি আমাদের সাহায্য করছে।”
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় (Pahalgam Attack) ২৬ জন সাধারণ নাগরিক নিহত হন। তার পাল্টা জবাবে মে মাসেই পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে (PoK) জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে ‘অপারেশন সিঁদুর’ অভিযান (Operation Sindoor) চালায় ভারত। ওই অভিযানের পর চার দিন ধরে দুই দেশের মধ্যে তীব্র সামরিক সংঘাত চলে। শেষ পর্যন্ত ১০ মে সামরিক কার্যকলাপ বন্ধ রাখার বিষয়ে দু’পক্ষের মধ্যে সমঝোতা হয়।
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আসিম মুনির পাকিস্তানের ভূমিকার সঙ্গে নবী মহম্মদের সময় প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের তুলনাও টানেন। তিনি বলেন, বিশ্বের ৫৭টি ইসলামিক দেশের মধ্যে পাকিস্তান বিশেষ সম্মান পেয়েছে, কারণ ‘হারামাইন শরিফাইন’ - মক্কা ও মদিনার রক্ষার দায়িত্ব নাকি পাকিস্তানের ওপরই ন্যস্ত।
একই সঙ্গে আফগানিস্তানের তালিবান সরকারকে (Afghanistan Taliban Govt) কড়া বার্তা দিয়েছেন আসিম মুনির। তিনি বলেন, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) না পাকিস্তান, যে কোনও এক পক্ষ বেছে নিতে হবে কাবুলকে। পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য, পাকিস্তানে ঢুকে সন্ত্রাস চালানো টিটিপি জঙ্গিদের বড় অংশই আফগান নাগরিক। তা হলে কি আফগানিস্তান আমাদের শিশুদের রক্ত ঝরাচ্ছে না? প্রশ্ন তাঁর। এই পরিস্থিতিতে তালিবান সরকারকে পাকিস্তান ও টিটিপির মধ্যে একটি পক্ষ বেছে নেওয়ার কথা বলেন তিনি।
সব মিলিয়ে, ভারতের সঙ্গে সংঘাত, ধর্মীয় ব্যাখ্যা ও আফগানিস্তান সীমান্তে জঙ্গি সমস্যা - তিনটি বিষয়কে এক সুতোয় বেঁধে পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক অবস্থান আরও কড়া করেই তুলে ধরলেন আসিম মুনির।