ইলন মাস্ককে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী হয়েছেন ওরাকল কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্স অনুযায়ী তাঁর সম্পত্তির মূল্য ৩৯৩ বিলিয়ন ডলার ছুঁয়েছে। অন্যদিকে টেসলার শেয়ারের পতনে সম্পত্তি কমেছে মাস্কের।

লারি এলিসন
শেষ আপডেট: 10 September 2025 21:46
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের ধনীতম ব্যক্তির আসনে প্রথমবার বসতে চলেছেন ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা লারি এলিসন। ইলন মাস্ককে পেছনে ফেলে শীর্ষে উঠে এলেন তিনি।
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, নিউইয়র্কে বুধবার সকাল ১০টা ১০ মিনিটে এলিসনের মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৩৯৩ বিলিয়ন মার্কিন ডলার। ঠিক সেই সময় মাস্কের সম্পত্তির পরিমাণ ছিল ৩৮৫ বিলিয়ন ডলার। অর্থাৎ ৮ বিলিয়ন ডলার এগিয়ে গিয়েছেন এলিসন।
ওরাকলের ত্রৈমাসিক রিপোর্ট প্রকাশের পরই এই উত্থান। কোম্পানির ফলাফল প্রত্যাশার চেয়েও ভাল এসেছে। পাশাপাশি জানানো হয়েছে, সামনে আরও প্রবৃদ্ধি আসছে। এর জেরেই এক দিনে ১০১ বিলিয়ন ডলার বেড়ে গিয়েছে এলিসনের সম্পদ। যা ব্লুমবার্গ ইনডেক্সের ইতিহাসে সবচেয়ে বড় একদিনের বৃদ্ধি।
৮১ বছর বয়সি লারি এলিসন ওরাকল কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা। বর্তমানে তিনি চেয়ারম্যান এবং চিফ টেকনোলজি অফিসারের দায়িত্বে। তাঁর সম্পদের মূল অংশই বাঁধা ওরাকলের শেয়ারে।
এই বছর মঙ্গলবার পর্যন্ত ওরাকলের শেয়ারের দাম বেড়েছিল ৪৫ শতাংশ। আর বুধবার রিপোর্ট প্রকাশের পর আরও ৪১ শতাংশ লাফিয়ে ওঠে। বুকিংয়ের বড় বৃদ্ধি এবং ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ব্যবসার আক্রমণাত্মক আউটলুকের ফলে কোম্পানির এই অভূতপূর্ব সাফল্য এসেছে বলে মনে করা হচ্ছে। এটি ওরাকলের ইতিহাসে একদিনে শেয়ারের দামের সবচেয়ে বড় উত্থান।
অন্যদিকে, টেসলার শেয়ার এই বছর ১৩ শতাংশ নেমেছে বলে জানাচ্ছে বিভিন্ন রিপোর্ট। মাস্কের আয় তাই কমেছে। যদিও টেসলার বোর্ড তাঁর জন্য বিশাল এক পে-প্যাকেজ প্রস্তাব করেছে সম্প্রতি। সেটা সফল হলে তিনি বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হতে পারেন।
উল্লেখ্য, ইলন মাস্ক ২০২১ সালে প্রথমবার বিশ্বের ধনীতম ব্যক্তির আসনে বসেছিলেন। পরে অ্যামাজনের জেফ বেজোস এবং এলভিএমএইচ-এর বার্নার্ড আর্নো তাঁকে ছাড়িয়ে যান। গত বছর আবারও সেই শীর্ষস্থানে ফিরেছিলেন মাস্ক। প্রায় ৩০০ দিনেরও বেশি সময় ধরে ধরে রেখেছিলেন ধনীতম ব্যক্তির মুকুট। এবার সেটি হারালেন লারি এলিসনের কাছে।