মহা বজ্রলোংকোর্ন-এর আরও দেশীয় ডাকনাম আছে। তা হল রামা এক্স।

মহা বজ্রলোংকোর্ন
শেষ আপডেট: 28 May 2025 18:34
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের ধনীতম রাজা কে? অনেকেই হয়তো হাত তুলে বলবেন, কে না জানে! ইংল্যান্ডের রাজা চার্লস। কিন্তু ভিরমি খেয়ে যাবেন সত্যিটা শুনলে। ইংল্যান্ড বা ব্রিটেনের থেকে আকারে-বহরে অনেক ছোট থাইল্যান্ডের রাজা চার্লসের থেকে বহু গুণে বড়লোক। সেই রাজার নাম মহা বজ্রলোংকোর্ন।
মহা বজ্রলোংকোর্ন-এর আরও দেশীয় ডাকনাম আছে। তা হল রামা এক্স। তিনিই বিশ্বের ধনীতম রাজার মুকুটটি মাথায় তুলেছেন। তাঁর সম্পত্তির আনুমানিক মূল্য ৩০-৭০ বিলিয়ন মার্কিন ডলার। সংবাদমাধ্যম আল জাজিরার একটি সংবাদে প্রকাশ, ইংল্যান্ডের রাজা তৃতীয় চার্লসের কুড়িয়েবাড়িয়ে সম্পদের পরিমাণ ৭৪৭ মিলিয়ন ডলারের কাছাকাছি। সেই হিসাবে থাইল্যান্ডের রাজা কয়েক গুণ বড়লোক তাঁর থেকে।
রাজধানী ব্যাংককে উত্তরাধিকার সূত্রে পাওয়া প্রায় ১৭,০০০টি সম্পত্তি রয়েছে তাঁর। গোটা শহরে গুটিকয় মাত্র লোকের হাতে এর কাছাকাছি জমিবাড়ি আছে। এর মধ্যে প্রাচীন প্রাসাদ ছাড়াও পাঁচ-সাত তারা বিশিষ্ট হোটেল, বাণিজ্যিক বাড়ি রয়েছে।
রাজবাড়িতে তাঁর রয়েছে ৩০০টি দুষ্প্রাপ্য, মহার্ঘ্য, বিলাসবহুল, সিগনেচার গাড়ি। ক্ল্যাসিক রোলস রয়েস রয়েছে বেশ কিছু। এছাড়াও বর্তমান যুগের অমূল্য গাড়িও রয়েছে অনেক। বলা যায়, প্রায় সব কোম্পানির, সব মডেলের একখানা করে গাড়ি রয়েছে তাঁর গ্যারাজে। শুধু মাটিতে নয়, আকাশে ওড়ার জন্য মহা বজ্রলোংকোর্নের রয়েছে ৩৮টি ব্যক্তিগত জেট বিমান। সোনার তরী শুধু রবীন্দ্রকাব্যেই নেই, ৫২টি সোনার বিলাসবহুল তরণী রয়েছে তাঁর। যেগুলি রাজার বাড়ির কোনও অনুষ্ঠানে জলে ভাসানো হয়।
মহা বজ্রলোংকোর্ন ২০১৬ সালে তাঁর বাবার মৃত্যুর পর রাজ সম্পত্তি ব্যুরোর অধীন সম্পদের মালিকানা পান। এই সংস্থাই রাজসম্পত্তির দেখভাল ও ব্যবসায়িক লেনদেন নিয়ন্ত্রণ করে। রাষ্ট্রীয় সম্পত্তির দায়িত্বভার গ্রহণ করেন মহা বজ্রলোংকোর্ন ২০১৮ সালে। রাজার জন্ম ১৯৫২ সালে। বাবার নাম ভূমিবল এবং মা রানি সিরিকিট। মহা বজ্রলোংকোর্ন সামরিক প্রশিক্ষণ পান ব্রিটেন এবং অস্ট্রেলিয়ায়। তিনি জেট বিমান ও হেলিকপ্টার চালনায় অত্যন্ত পারদর্শী।