জেফ্রি এপস্টিনের এস্টেট থেকে পাওয়া নতুন ১৯টি ছবি প্রকাশ করল মার্কিন হাউস ওভারসাইট কমিটির ডেমোক্র্যাটরা। ট্রাম্প, বিল ক্লিন্টন, বিল গেটস-সহ একাধিক প্রভাবশালী ব্যক্তিকে দেখা গেছে ছবিগুলিতে।

ট্রাম্প ও বাকিরা
শেষ আপডেট: 12 December 2025 22:26
দ্য ওয়াল ব্যুরো: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার হাউস ওভারসাইট কমিটি (House Oversight Committee)-র ডেমোক্র্যাট সদস্যরা শুক্রবার জেফ্রি এপস্টিনের (Jeffrey Epstein) এস্টেট থেকে পাওয়া দ্বিতীয় দফার ছবিগুলি প্রকাশ করলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump), স্টিভ ব্যানন (Steve Bannon), প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন (Bill Clinton), প্রাক্তন অর্থসচিব ল্যারি সামার্স (Larry Summers), মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস (Bill Gates) এবং চলচ্চিত্রকার উডি অ্যালেন (Woody Allen)-এর মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে এপস্টিনকে দেখা গেল।
কমিটির স্পষ্ট ব্যাখ্যা, এই ছবি কোনওভাবেই বেআইনি কর্মকাণ্ডের (Illegal Activity) প্রমাণ নয়। কারও সঙ্গে কোনও অনুষ্ঠানে তোলা ছবি তাঁদের বিরুদ্ধে কোনও অপরাধে জড়িত থাকার ইঙ্গিত দেয় না।
কী রয়েছে নতুন প্রকাশিত ছবিগুলিতে?
১৯টি ছবির মধ্যে ৩টিতে ট্রাম্পকে দেখা যায়-একটিতে তিনি কয়েকজন মহিলার (যাঁদের মুখ ব্লার করা) পাশে দাঁড়িয়ে আছেন, আরেকটিতে এপস্টিনের সঙ্গে কোনও এক অনুষ্ঠানে এক মহিলার সঙ্গে কথাবার্তার সময়ে ধরা পড়েছেন। আরও এক ছবিতে তাঁর পাশে থাকা এক নারীর মুখ ব্ল্যাক-আউট করা হয়েছে।
আরও একটি ছবিতে ট্রাম্পকে নিয়ে তৈরি ইলাস্ট্রেশনের উপর লেখা, "ট্রাম্প কন্ডোম"।
একটি ছবিতে দেখা যাচ্ছে বিল ক্লিনটন, এপস্টিন এবং গিসলেইন ম্যাক্সওয়েলকে (Ghislaine Maxwell)। ছবিটি ক্লিনটনের সই করা।
স্টিভ ব্যাননকে ঘিরে রয়েছে বহু ছবি-একটিতে তাঁকে ডেস্কের সামনে বসা এপস্টিনের সঙ্গেও দেখা যায়। আরও একটি মিরর সেলফি (Mirror Selfie)-তেও একসঙ্গে ধরা পড়েছেন এপস্টিন ও ব্যানন।
উডি অ্যালেনকে কখনও পরিচালক চেয়ারে বসে এপস্টিনের সঙ্গে কথা বলতে, আবার কখনও ব্যাননের সঙ্গে আলোচনা করতে দেখা যায়।
ডেমোক্র্যাটদের অভিযোগ, “হোয়াইট হাউস গোপন করছে”
কমিটির র্যাঙ্কিং সদস্য রবার্ট গার্সিয়া (Robert Garcia) জানান, “হোয়াইট হাউসের আড়াল দেওয়া (White House Cover-Up) বন্ধ করতে হবে। এপস্টিনের শক্তিশালী বন্ধুদের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে সত্য সামনে আনতেই হবে।”
তিনি আরও জানান, কমিটি প্রায় ৯৫,০০০ ছবি (95,000 Photos) পরীক্ষা করছে এবং আগামী দিনে আরও তথ্য প্রকাশ করা হবে।
এই ছবিগুলি আলাদা, ডিসেম্বরে DOJ যেসব ফাইল প্রকাশ করবে তার থেকে
যে ছবিগুলি শুক্রবার প্রকাশ করা হয়েছে, তা ডিপার্টমেন্ট অফ জাস্টিস (Department of Justice)-কে ১৯ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে- সে ফাইলের অংশ নয়। ট্রাম্প স্বাক্ষরিত আইনের ভিত্তিতে DOJ-কে এপস্টিন-সংক্রান্ত নথি কংগ্রেসের কাছে তুলে ধরতে হবে।
এর আগেও প্রকাশ হয়েছিল বহু ছবি ও ভিডিও
এ মাসের শুরুর দিকে ডেমোক্র্যাটরা ১৫০টিরও বেশি ছবি-ভিডিও প্রকাশ করেছিলেন, যেখানে দেখা যায় এপস্টিনের ব্যক্তিগত দ্বীপ (Private Islands)—লিটল সেন্ট জেমস ও গ্রেট সেন্ট জেমসের বিভিন্ন কক্ষ, পুল, লাইব্রেরি, এমনকি একটি ডেন্টাল চেয়ার (Dental Chair) রাখা ঘরও।
দুই দ্বীপেই কমবয়সি মেয়েদের যৌন নির্যাতনের (Sex Trafficking) অভিযোগ ছিল এপস্টিনের বিরুদ্ধে।
রাজনৈতিক ও আইনি চাপ বাড়ছে
৩০ দিনের ডেডলাইনের আগে নতুন ছবি প্রকাশ ঘিরে চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এপস্টিন-ফাইল প্রকাশ এখন বড় ইস্যু। ফেডারেল সংস্থার “স্বচ্ছতার অভাব” নিয়েও তোপ দেগেছে ডেমোক্র্যাটরা।
এই ছবিগুলি সামগ্রিকভাবে কোনও অপরাধ প্রকাশ না করলেও, এপস্টিনের হাই-প্রোফাইল নেটওয়ার্ক (High-Profile Network) ও রাজনৈতিক সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন উঠছে জনমানুষে।