হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেই নেতানিয়াহু তাঁর এই সিদ্ধান্তের কথা জানান। ইজরায়েলের প্রধানমন্ত্রীর কথায়, ট্রাম্প গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করছেন।

ট্রাম্প ও নেতানিয়াহু
শেষ আপডেট: 8 July 2025 07:40
দ্য ওয়াল ব্যুরো: আগামী বছরের নোবেল শান্তি পুরস্কারের (Nobel peace prize) জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump) নাম সুপারিশ করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Israeli PM Benjamin Netanyahu)। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেই নেতানিয়াহু তাঁর এই সিদ্ধান্তের কথা জানান। ইজরায়েলের প্রধানমন্ত্রীর কথায়, ট্রাম্প গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করছেন।
এর আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির মার্কিন প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি তোলেন। সেই ঘোষণার পর ট্রাম্প পাক সেনাপ্রধানকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন। পরে পাকিস্তান সরকারের তরফে জানানো হয়, সেনাপ্রধানের প্রস্তাব মেনে সরকার শান্তি পুরস্কারে জন্য ট্রাম্পের নাম নোবেল কমিটির কাছে সুপারিশ করেছে।
পাকিস্তান সরকার ট্রাম্পের যে বিশেষ ভূমিকার কথা বলে এই প্রস্তাব করেছে সেটি অবশ্য বিতর্কিত। তাঁর হস্তক্ষেপে ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতিতে সম্মত হয়, ট্রাম্পের এই দাবিকে সিলমোহর দেয় পাকিস্তান। অন্যদিকে, ভারত শুরু থেকে বলে আসছে, পাকিস্তানের আর্জি মেনে ভারতীয় সেনা সংঘর্ষ বিরতিতে সম্মত হয়। এই ব্যাপারে শুরুতে মুখ না খুললেও সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আমেরিকার মধ্যস্থতার দাবি উড়িয়ে দিয়েছেন।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বর্তমানে আমেরিকায় রয়েছেন। দু’দিনের সফরে ট্রাম্পের দেশে গিয়েছেন তিনি। হোয়াইট হাউসের নৈশ ভোজে তিনি ট্রাম্পের হাতে নোবেল কমিটিকে পাঠানো নোমিনেশন পেপারের কপি তুলে দেন। সংক্ষিপ্ত ভাষণে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশে বলেন, ‘আপনি একের পর এক দেশে, একের পর এক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করছেন।’
জবাবে ট্রাম্প বলেন, ‘আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই উদ্যোগের কথা জানতাম না। আপনার এই সিদ্ধান্ত অত্যন্ত অর্থবহ।’ ইজরায়েলের প্রধানমন্ত্রীর এই সফরের অন্যতম এজেন্ডা প্যালেস্তাইনের ভবিষ্যৎ নিয়ে মর্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা। বৈঠকে ইরানের সঙ্গে ইজরায়েলের সংঘাত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তাতে যোগদানের বিষয়ে কথা হয়। ট্রাম্প জানান, ইরানের আর্জি মেনে মার্কিন প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনা শুরু করতে চলেছে।